২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিতে অনীহা নজরুলের

নজরুল ইসলাম জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের কথা মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন দেশের এই কৃতী ডিফেন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 04:09 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- নজরুল ইসলাম জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের কথা মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন দেশের এই কৃতী ডিফেন্ডার। নামোল্লেখ না করে বাফুফের এক কর্মকর্তা নজরুলের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। চিঠিতে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। সেটা ব্যক্তিগত হলেও বেশ বিস্ময়কর সিদ্ধান্ত ! যিনি গত আগস্টে ভারতের নেহেরু কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, গত ৮ অক্টোবর তাজিকস্তানের বিপক্ষে যিনি ভাল খেলেছেন সেই ডিফেন্ডারের হঠাৎ জাতীয় দলে অনীহা রহস্যময় বৈকি। এ ব্যাপারে নজরুল ইসলাম মুখ খুলতে রাজি নন। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কোচের সঙ্গে মনোমালিন্যই তার অনীহার কারণ। কক্সবাজারে গত মাসে ফিটনেস ক্যাম্প চলাকালীন একটি পত্রিকা নজরুলকে উদ্ধৃত করেই কোচের কঠিন ট্রেনিংয়ের সমালোচনা করেছিল। তা জানার পর কোচ সৈয়দ নাঈমুদ্দিন বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবং এরপর থেকে এই বাংলাদেশী ডিফেন্ডারের সঙ্গে কথা বলছেন না বাংলাদেশের এই ভারতীয় কোচ। কোচের এই আচরণ দেখে তিনি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে নজরুলের ঘনিষ্ঠ সূত্রটি। যেকারণে মঙ্গলবার থেকে বিকেএসপিতে ক্যাম্প শুরু হলেও তিনি যোগ দেননি। অথচ এই ডিফেন্ডারকে তাজিকস্তানের বিপক্ষে সেরা একদশেও রেখেছেন নাঈমুদ্দিন। কিন্তু প্র্যাকটিসে অন্যদের নানা নিদের্শ দিলেও কোচ প্র্যাকটিসে কিংবা ম্যাচে নজরুলকে কোনো ধরনের নির্দেশও দিতেন না। ক্রমেই ব্যাপারটা অসহনীয় হয়ে ওঠেছে বাংলাদেশের সাবেক অধিনায়কের কাছে, আর তাই তিনি বাফুফেকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। অবশ্য কোচ সৈয়দ নাঈমুদ্দিনের দাবি নজরুলের সঙ্গে তার সম্পর্ক ভাল। "তাজিকস্তানের সঙ্গে তার পারফরম্যান্স আগের চেয়ে ভাল হয়েছে। ঈদের দিন সে আমাকে ফোন করেছে ঈদ মোবারক জানিয়েছে। আমার সঙ্গে তো কোনো সমস্যা নেই, আমি তার সঙ্গে ফোনে কথা বলবো"--বলেছেন বাংলাদেশের ভারতীয় কোচ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১৫৬ঘ.