২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে বাড়ি ফেরা হচ্ছে না নাঈমুদ্দিনের

পরিবারের সঙ্গে ঈদ করা হচ্ছে না সৈয়দ নাঈমুদ্দিনের। ভিসা জটিলতায় আটকা পড়েছেন বাংলাদেশের এই ভারতীয় ফুটবল কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 01:29 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পরিবারের সঙ্গে ঈদ করা হচ্ছে না সৈয়দ নাঈমুদ্দিনের। ভিসা জটিলতায় আটকা পড়েছেন বাংলাদেশের এই ভারতীয় ফুটবল কোচ। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, কলকাতায় নিজের বাড়িতেই ঈদ উদযাপন করতে চাইছেন নাঈমুদ্দিন। কিন্তু ঈদ চলে এলেও শুক্রবার পর্যন্ত তার বাড়ি যাওয়ার ব্যাপারে কোনো অগ্রগতি নেই। স্বাভাবিকভাবেই তিনি হতাশ, "আমার দেশে ফেরার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলেছিলাম। এক মাস আগে তাদের পাসপোর্ট দিয়ে রেখেছি। কিন্তু তারা কিছুই করেনি।" অবশ্য বাফুফে বলছে কোচের ভিসা জটিলতার কথা। বাফুফের প্রোটোকল অফিসার হামিদুজ্জামান নোমান জানিয়েছেন, "গত ৫ অক্টোবর শেষ হয়ে গেছে কোচের এক মাসের ভিসার মেয়াদ। ৪ তারিখ আমরা তার ভিসার জন্য আবেদন করলেও এখনো ভিসা হয়নি। বৃহস্পতিবার পর্যন্ত আমি চেষ্টা করেও পারিনি।" কারণ হিসেবে তিনি লম্বা আনুষ্ঠানিকতা এবং বিনিয়োগ বোর্ডের অনুমতির কথা বলেছেন, "বিদেশীদের ভিসার জন্য নানা ডকুমেন্ট জমা দিতে হয়, সে সব ঠিকমতো নেই। এছাড়া তিনি গত ৬ মাসের আয়ের হিসাব জমা দেননি বিনিয়োগ বোর্ডে। এ সব কারণে গত ৮ অক্টোবর তিনি বাড়ি যাওয়ার কথা বললেও ভিসা পাওয়া যায়নি।" নাঈমুদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে চাকরি করছেন গত আগস্ট থেকে। তার আগে কাজ করেছিলেন ব্রাদার্সের কোচ হয়ে, তখনকার চার মাসের আয়ের হিসাব দাখিল করা হয়নি বিনিয়োগ বোর্ডে। তাই ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা বেড়েছে এবং এক মাসের ভিসা শেষ হয়ে যাওয়ায় নাঈমুদ্দিনের পক্ষে এখন বাংলাদেশ ছাড়া কঠিন হয়ে পড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৯২৭ঘ.