২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্র্যাকটিস ম্যাচে প্রত্যাশা জাগাতে পারেনি বাংলাদেশ দল

উল্লেখযোগ্য কেনো পরিবর্তন দেখা যায়নি বাংলাদেশ ফুটবল দলের। উপহার দিতে পারেনি তারা আশা জাগানিয়া কিছুও; ঢাকা একাদশের সঙ্গে ১-১ গোলে ড্র করেই শেষ করেছে প্র্যাকটিস ম্যাচটি। কিন্তু বাংলাদেশ দলের কোচ সৈয়দ নাঈমুদ্দিন বলছেন, "এটা দলের কম্বিনেশন তৈরির ম্যাচ। এটা দিয়ে দলের পারফরম্যান্স বিচার করা যাবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 02:44 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উল্লেখযোগ্য কেনো পরিবর্তন দেখা যায়নি বাংলাদেশ ফুটবল দলের। উপহার দিতে পারেনি তারা আশা জাগানিয়া কিছুও; ঢাকা একাদশের সঙ্গে ১-১ গোলে ড্র করেই শেষ করেছে প্র্যাকটিস ম্যাচটি। কিন্তু বাংলাদেশ দলের কোচ সৈয়দ নাঈমুদ্দিন বলছেন, "এটা দলের কম্বিনেশন তৈরির ম্যাচ। এটা দিয়ে দলের পারফরম্যান্স বিচার করা যাবে না।" শুক্রবার বিকেলে যে একাদশ প্র্যাকটিস ম্যাচ খেলেছে সেটিই হতে পারে কোচের সেরা একাদশ। কারণ সন্ধ্যায় আগামী ৮ অক্টোবর তাজিকস্তানের বিপক্ষে ম্যাচের জন্য বাফুফে যে ২০ জনের বাংলাদেশ দল ঘোষণা করেছে তাতে আছেন একাদশের সবাই, আছেন বদলি খেলোয়াড়রাও। কিন্তু তাদের প্র্যাকটিস ম্যাচ থেকে যে ইতিবাচক কিছু পাওয়া গেল না! একদিন আগে কোচ যে লড়াকু দলের প্রতিশ্র"তি দিয়েছিলেন তার সঙ্গেও মেলেনি দলের পারফরম্যান্স। ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতে গোল করেও সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। ৫ মিনিটের মাথায় ডান দিক থেকে জাহিদের পাঠানো ক্রসে ভলি মেরে গোল করেন সাইফুল ইসলাম মনি। ৩১ মিনিটে তা শোধ করেন ঢাকা একাদশের খোকন দাস। তার দায় নিতে হবে ডিফেন্সকেই। ডিফেন্ডার ওয়ালী ফয়সাল আহত হয়ে পড়ে যাওয়ার পর অন্য ডিফেন্ডাররাও দাঁড়িয়ে গিয়ে গোলের সুযোগ করে দিয়েছেন। প্রথমার্ধে বাংলাদেশ একাদশকে অগোছালো দেখালেও দ্বিতীয়ার্ধের খেলা ছিল অনেক পরিকল্পিত। জাহিদ উপহার দিলেন দুর্দান্ত এক ফ্রি-কিক আর রবিন একবার একক নৈপুণ্যে দুরন্ত গতিতে প্রতিপক্ষের ডিফেন্সে ঢুকে পড়েও গোল পেলেন না। দ্বিতীয়ার্ধের খেলা দেখে কোচও খুশি, "দ্বিতীয়ার্ধে অনেক ভাল খেলেছে আমার দল। কম্বিনেশনটা তৈরি হয়ে গেলে দলের চেহারা পাল্টে যাবে। কিন্তু সেজন্য যেরকম প্র্যাকটিস ম্যাচের দরকার তা-তো পাচ্ছি না।" এক মাসেরও বেশি সময় প্র্যাকটিসের পর এই প্রথম তারা কোনো ম্যাচ খেলতে নেমেছে। যে মাঠে খেলা হয়েছে তা ঘাসে ভর্তি, বলের বাউন্স অনুমান করাও বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল। প্রতিপক্ষ ঢাকা একাদশও একেবারে এলেবেলে দল নয়। দুই বিদেশীকে নিয়ে গড়া প্রতিপক্ষ সম্পর্কে হাসান আল মামুনের মন্তব্য, "মোটেই খারাপ দল নয়, তারা সবাই ক্ষেপ খেলে বেড়ায়।" তবে বাংলাদেশের ভারতীয় কোচের দাবি, "দলের সবার ফিটনেস যে ভাল তা বোধহয় প্রমাণ করা গেছে। কিন্তু ম্যাচ প্র্যাকটিসের অভাবের কারণে দল সাজানো যায়নি। ভারত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য দুই সপ্তাহ ধরে দুবাইয়ে প্র্যাকটিস করছে, ম্যাচ খেলছে। কিন্তু আমাদের তো সেই সুযোগ নেই।" এটা বাংলাদেশের নতুন সমস্যা নয়, যথারীথি এবারো ম্যাচ প্র্যাকটিসের অভাব নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বে তাজিকস্তানের মুখোমুখি হতে যাচ্ছে ঢাকায়। বাংলাদেশ দল : গোলরক্ষক : বিপ্লব ভট্টাচার্য্য, মাজহারুল ইসলাম হিমেল। ডিফেন্ডার : হাসান আল মামুন, ওয়ালী ফয়সাল, মাহমুদুল হাসান, অরূপ বৈদ্য, নজরুল ইসলাম, রজনী কান্ত বর্মণ, অমিত খান শুভ্র। মিডফিল্ডার : আবুল হোসেন, আরমান আজিজ, আরিফুল ইসলাম, জাহিদ হোসেন, জাহেদ পারভেজ চৌধুরী, এনামুল হক শরীফ, জুমরতুল ইসলাম মিঠু, নাসিরুল ইসলাম। স্ট্রাইকার : সাইফুর রহমান মনি, জাহিদ হাসান এমিলি ও মোহাম্মদ রবিন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৩৪ঘ.