শিরোপা লড়াইয়ে নামবে চট্টগ্রাম আবাহনী
ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা, মোহামেডান কিংবা ব্রাদার্সের কাতারে ফেলা যায় না তাদের। মাঝারি মানেরই দল চট্টগ্রাম আবাহনী। কিন্তু ব্যাতিক্রমী স্বপ্ন তাদের, শিরোপার লড়াই করবে বলেই তাদের প্রত্যয়ী ঘোষনা !
শুনে হয়তো একটু হকচকিয়ে যাবেন কিন্তু চট্টগ্রাম আবাহনী পেশাদার ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট দিদারুল আলম চৌধুরী জানিয়েছেন, “আমরা ৫/৬ নম্বরে থাকার কথা বলি না, শিরোপার জন্যই লড়াই করবে আবাহনী।” বুধবার বি. লিগের ক্লাব পরিচিতি---মূলক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে চট্টগ্রাম আবাহনী কর্মকর্তারা শিরোপার কথা বলার সঙ্গে সঙ্গে এই লিগ উপলক্ষে নিজেদের আয়োজনের কথাও বলেছেন।
আয়োজন হচ্ছে, পেশাদার লিগের জন্য চট্টগ্রাম আবাহনী লিমিটেডের নতুন সংগঠন আবাহনী পেশাদার ফুটবল ক্লাব গঠন। চট্টগ্রাম আবাহনী লিমিটেডের চেয়ারম্যান রফিকুল আনোয়ার এবং মহাসচিব শামসুল হক চৌধুরী হলেও পেশাদার ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট দিদারুল আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিলন। ক্লাবের প্রেসিডেন্ট বলেছেন, “তিনদিন ধরে এ নিয়ে আমাদের সভা হয়েছে, শেষে গতকাল রাতে এই কমিটি চূড়ান্ত হয়েছে। পেশাদার ফুটবল লিগের সবকিছুই এখন এই কমিটি দেখাশুনা করবে। ” ঠিক এএফসির গাইডলাইন মেনেই যেন সাজতে চাইছে তারা।
কিন্তু দল গঠনের দিক থেকে বিশ্লেষন করলে দেখা যাবে আগের নিটল--টাটা জাতীয় ফুটবল লিগের দলের মতো শক্তিশালী নয় বি. লিগের আবাহনী। দলের কোচ স্বপন দাস অবশ্য সেভাবে ভাবেন না, “আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই তরুন। ঢাকার প্রিমিয়ার, প্রথম বিভাগ এবং চট্টগ্রামের প্রথম বিভাগের খেলোয়াড়দেরই নেওয়া হয়েছে দলে। তাই বলে শক্তি অনেক কমে গেছে এমন মনে করা ঠিক না। বিদেশী খেলোয়াড়ারদের বাদ দিয়ে স্থানীয় খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলগুলোর মধ্যে খুব পার্থক্য আছে বলে আমার মনে হয়না।”
১৬ জন স্থানীয় ফুটবলারদের সঙ্গে ক্লাবের দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, পর্যবেক্ষণে রাখা হয়েছে আরো দুজনকে। বিদেশী আনতেও তারা তৎপর হয়েছে। তাদের অধিনায়ক এবার নুরুল ইসলাম। সাত--আটদিন ধরে তাদের প্র্যাকটিস হলেও এখনো দলের কম্বিনেশন তৈরি হয়নি বলেই জানিয়েছেন কোচ।
দল গড়া এবং বি. লিগ খেলার জন্য তাদের বাজেট ১ কোটি ২৫ লাখ টাকা। এত টাকা খরচ করা আবাহনী কিন্তু এবার ‘ভালবাসার খেলা’ খেলবে না বলেই উল্লেখ করেছেন ক্লাব প্রেসিডেন্ট। লিগে তিনটা আবাহনী বলেই (ঢাকা আবাহনী, খুলনা আবহনী ও চট্টগ্রাম আবাহনী) মাঠে ম্যাচ ছেড়ে দেওয়ার সংশয় থাকে সবসময়।
সেরকম সম্ভাবনা উড়িয়ে দিয়েই শিরোপা---স্বপ্নের কথা বলেছে চট্টগ্রাম আবাহনী।
