২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাচিনের সেঞ্চুরিতে ৩৪১ রানের পাহাড়ে ভারত

কদিন ধরে চলতে থাকা মৃদু সমালোচনা নিশ্চয়ই তার কানেও গিয়েছিল। সমালোচকদের জবাব দেওয়ার জন্য সিরিজের শেষ ম্যাচটাকেই বেছে নিলেন সাচিন টেন্ডুলকার। বুধবার ভাদোদারায় ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ক্যারিয়ারের ৪১ তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের যাদুকুমার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 02:32 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ভারতের ইনিংসের শেষ ওভারে তার সেঞ্চুরির জন্য দরকার ছিল ১১ রান। এবং তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন একেবারে শেষ বলে। ৭৬ বলে তার ঠিক ১০০ রানের ইনিংস টসে হেরে আগে ব্যাট করতে নামা ভারতকে রান পাহাড়েও চড়িয়েছে। শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ  ৩ উইকেটে ৩৪১ রান!

শেষ দিকে ভারতের রানের চাকাকে আরো বেশী গতি দিয়েছে মহেন্দ্র সিং ধোনীর বিধ্বংসী ব্যাটিংও। মাত্র ২০ বলে এক বাউন্ডারি ও তিন ছক্কায় ৪০ রান করেছেন তিনি। শচীনের সঙ্গে তার ৩৯ বলের চতুর্থ উইকেট জুটিতে রান হয়েছে ৭৫। তবে ভারতের এই বিশাল সংগ্রহের ভিতটা গড়ে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। রবীন উত্থাপাকে (১৭ বলে ২৮) নিয়ে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়ার পর অধিনায়ক রাহুল দ্রাবিড়কে (১০৯ বলে ৭৮) নিয়ে যোগ করেছেন আরো ১০১ রান। ক্রিস গেইলের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার আগে তার ৬৮ রানের ইনিংসটা ৮২ বলে খেলা। দলকে ২৬৬ রানে রেখে দ্রাবিড় আউট হওয়ার পরই শুরু শচীন আর ধোনী ঝড়ের। নিজের ১০০ রানের ইনিংসে ১০টি বাউন্ডারির পাশে মারলন স্যামুয়েলসকে মারা একটা ছক্কাও আছে শচীনের।