সৌরভের ফিরে আসা তো আমারই সাফল্য : গ্রেগ চ্যাপেল
“এ মুহুর্তে আমি শুধু গাঙ্গুলির প্রশংসাই করতে পারি” -- কথাটায় যেন প্রশংসা না করার মতো একটা অতীতও লুকিয়ে আছে। আছেই তো! বক্তা যখন গ্রেগ চ্যাপেল আর উদ্দেশ্য সৌরভ গাঙ্গুলি তখন কার না মনে পড়বে ভারতীয় দল থেকে সৌরভের বাদ পড়ার কথা! অবাক হওয়ার মতো ঘটনা হচ্ছে, সৌরভ ফিরতে না ফিরতেই গ্রেগ চ্যাপেলের মুখে শোনা যাচ্ছে অন্যরকম কথা “ গাঙ্গুলির ফেরাকে আমার সাফল্যের গল্প হিসেবেই দেখি আমি।”
ভারতের অস্ট্রেলিয়ান কোচ গ্রেগ চ্যাপেল এ কথা বলেছেন দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানে সৌরভের সঙ্গে কখনো কোনো বিরোধ ছিল এমন ধারনাকে ‘অহেতুক’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি,“ চ্যাপেল বনাম গাঙ্গুলি ---- এমন কোনো লড়াই কখনোই ছিল না। যা ছিল তা দুজনের ব্যাক্তিত্বের সংঘাত নয়। আমি ক্রিকেট নিয়ে কাজ করি। অন্যেরা এর ভেতর নিজের পছন্দ অনুযায়ী কিছু খুঁজে নিতেই পারে।”
তবে সৌরভকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার ব্যাপারে দায় --- দায়িত্ব একেবারেই অস্বীকার করেননি চ্যাপেল। বরং বাদ দেওয়ার প্েক্ষ যুক্তি দেখিয়ে বোঝাতে চেয়েছেন তখন বাদ পড়ায় ভারতের সাবেক অধিনায়কের উপকারই হয়েছে, “ ও নিজের ব্যাটিং ফর্ম পুনরুদ্ধার করেছে। এখন ভারতের জন্য অনায়াসে আরো তিন বছর খেলতে পারবে। এটা দারুণ ব্যাপার। আসলে ও যে অবস্থায় পড়েছিল সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় ছিল দলের বাইরে কিছু সময় থেকে নিজের গন্তব্য এবং লক্ষ্যগুলোকে সুবিন্যস্ত করা এবং সে অনুযায়ী নিজেকে আবার তৈরি করা। এ কথাটা তো ওকে কারো না কারো বলতেই হতো।”
সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক চ্যাপেল আরো বলেছেন একই পরিস্থিতি হলে সৌরভের সঙ্গে আগে যা করেছেন তা আবারও করবেন, কারণ, “আলোচনা করে সমাধান আসে না --- এমন কিছু বিষয় মাঝে মাঝে দল নির্বাচনের মাধ্যমে ঠিক করে নিতে হয়।”
