২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির এক স্পেলেই শেষ মোহামেডান

কিছুদিন ধরেই পিঠে সামান্য ব্যথা অনুভব করছিলেন। তাই আগের ম্যাচে বিসিবির অনুরোধে মাশরাফি বিন মর্তুজাকে বোলিং থেকে নি®কৃতি দিয়েছিল আবাহনী। মোহামেডানের বিপক্ষে সেটা দেওয়ার প্রশ্নই আসে না। তবুও অধিনায়ক খালেদ মাসুদের ইচ্ছে ছিল, তার দলের সেরা বোলারটিকে আংশিক বিশ্রাম দেওয়ার। সেজন্যই বোলিংয়ে নামার আগে বলে দিয়েছিলেন,“প্রথম স্পেলটা ঠিকঠাক মতো কর। কয়েকটা উইকেট এনে দে। তারপরে যা, তোর বোলিং মাফ।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

অধিনায়কের কথাগুলো নিশ্চয়ই মানসিকভাবে  তাতিয়ে দিয়ে থাকবে দেশসেরা পেসারকে। বেশ কিছু উইকেটই তুলে নিয়ে ৭ ওভারের একমাত্র স্পেল শেষে বিশ্রামের জন্য সাজঘরে ফেরার আগে আবাহনীর ভাগ্যে জয়ও লিখে এসেছেন মাশরাফি। ২৩১ রান তাড়া করতে নামা মোহামেডান ততক্ষণে ৫০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে হারের প্রহর গুনতে শুরু করে দিয়েছে। আর সবগুলো উইকেটই মাশরাফির! এবং এই তথ্যের সঙ্গে বোলিং ফিগারটাও তুলে না দিলে হচ্ছে না : ৭ --- ২ --- ২৪ --- ৫! এমন বোলিংয়ে প্রতিপক্ষকে অনেকটা গুঁড়িয়ে দেওয়ার পর কেবল আবাহনীর জয়ের ব্যবধান জানারই অপেক্ষা থাকে। সেটা ৭৯ রানের।

বহুদিন পর একটা একতরফা আবাহনী --- মোহামেডান ম্যাচের এই ব্যবধান শতাধিক রানের হওয়াটাই স্বাভাবিক ছিল। কেননা ৮৯ রানেই নবম উইকেট হারিয়ে বসেছিল টুয়েন্টি টুয়েন্টির চ্যাম্পিয়নরা। এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই বিমানের বিপক্ষে মাত্র ৯৪ রানে  তাদের গুঁড়িয়ে যাওয়ার অভিজ্ঞতার কথাও মনে করাচ্ছিল এটা। তবে শেষ উইকেটে মঞ্জুরুল ইসলামকে (২০) নিয়ে আরাফাত সানির (৫৬*) ৬৩ রানের পার্টনারশিপ সেই লজ্জায় আবার পড়তে হয়নি মোহামেডানকে। তাদেরকে ১৫২ রানে শেষ করে আবাহনী ক্রিকেটাররা যখন কর্মকর্তাদের আলিঙ্গনে, তখন মোহামেডান করছিল ‘রুদ্ধদ্বার’ টিম মিটিং।

শেষ উইকেটটা যখন পড়ছিল না, তখন মাশরাফিকে আবারো বোলিংয়ে ফেরানোর দাবি উঠছিল শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি থেকে। কিন্তু তাতে কর্ণপাত না করে কিঞ্চিৎ গালমন্দও শোনা মাসুদ ভেবেছেন দেশের কথাও,“মাশরাফি দেশেরও সম্পদ। ওকে যতটা সম্ভব নিরাপদে রাখার কথাওতো মাথায় রাখতে হবে।” আর নিজের কথায় পরিতৃপ্ত মাশরাফিকেই খুঁজে পাওয়া গেল,“পাঁচদিনের বিশ্রাম শেষে বোলিং করলাম আজ ( রোববার)। দারুণ ছন্দে ছিলাম।”  আন্তর্জাতিক ক্রিকেটেও ঠিক এই ছন্দেই থাকতে পারলে কী ঘটতে পারে ভেবে এখনই শিহরিত আবাহনী কোচ আমিনুল ইসলাম,“এই বোলিংটাই মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেটে করলে বাংলাদেশের পক্ষে যেকোনো কিছুই ঘটিয়ে ফেলা সম্ভব।”

যেমন সম্ভব মোহামেডানের মতো চিরপ্রতিদ্বন্দ্বীকেও ইন্দিরা রোড বা ইয়াং পেগাসাসের পর্যায়ে নামিয়ে আনা!  মাশরাফি মোহামেডান ইনিংসের প্রথম বলেই ওপেনার ইমতিয়াজ হোসেনকে ফেললেন লেগ বিফোরের ফাঁদে। নিজের দ্বিতীয় ওভারে আফতাব আহমেদের কাছে দুটো চারের মার খাওয়ার শোধ তুললেন তৎক্ষনাৎ। লাফিয়ে ওঠা বলে চালাতে গিয়ে ‘প্লেড অন’ আফতাব। নিজের তৃতীয় ওভারটায় একটু বিরতি। এরপর চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ওভারে একটা করে উইকেট। মারমুখী হওয়ার ইঙ্গিত দিতে থাকা জুনায়েদ সিদ্দিকীকে উইকেটের পেছনে তৃতীয় প্রচেষ্টায় ক্যাচ বানান উইকেটকিপার জহুরুল। পুল করতে গিয়ে একই পরিণতি ফয়সাল হোসেনেরও। এরপর ব্যাকওয়ার্ড পয়েন্টে সাকিবও ম্যাচ সর্বোচ্চ স্কোরার নাজিমউদ্দিনের (৬২) ক্যাচ হয়ে ফেরার সময় উইকেটে থাকা হাবিবুল বাশারই মোহামেডানের আশার শেষ সলতে হয়ে জ্বলছিলেন। কিন্তু অধিনায়কও দলকে ৬০ রানে রেখে জিয়াউর রহমানের বলে এলবিডাব্লিউ হয়ে যাওয়ার পর আবারো একশোর নীচে অল আউট হওয়াকেই মোহামেডানের ভবিতব্য বলে মনে হচ্ছিল।

সাত ম্যাচের সবগুলোতেই জেতা আবাহনীর এখন পয়েন্ট টেবিলে একাধিপত্য। আর মোহামেডান পেল দ্বিতীয় হারের স্বাদ। মিরপুরের উইকেটে সকালবেলা ব্যাট করা কঠিন। তাই ব্যাটিংয়ে আমন্ত্রিত আবাহনীর শুরুটা সাবধানের হলেও শেষপর্যন্ত ২৩১ রানে পৌঁছাতে অবদান অনেকের। নাজিমই শুধু নন। তুষার ইমরান (২৮), শ্রীলংকান সুজিত ফার্নান্ডো (৩৫ বলে ৪৫) এবং শেষদিকে সোহরাওয়ার্দী শুভ (২৮ বলে ৩১*) ও জিয়াউর রহমানের (১৬ বলে ২০)। তবে আমিনুলের ভাষায় মাশরাফির ‘অসাধারন বোলিং’ ম্যাচের শেষে আর ব্যাটসম্যানদের দিকে খুব একটা দৃষ্টি ফেরানোর সুযোগ দেয়নি। আর এদিন মিরপুরের উইকেটও আবাহনীর কাছ থেকে পেয়েছে ‘ স্পোর্টিং উইকেট’ এর মর্যাদা।

লম্বা টিম মিটিং শেষে মোহামেডান অধিনায়কের বিষন্ন মুখই বলে দিচ্ছিল, কোনো অজুহাতই দাঁড় করানোর নেই। তবে দুদিন পরই মাশরাফিকে নিয়ে জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন এবং তার আগে এমন বোলিং, তখন নিজেকে বাংলাদেশ অধিনায়ক হিসেবে ভাবলে খুশি হওয়ার অনেক কারণ ছিল হাবিবুল বাশারের!

সংক্ষিপ্ত স্কোর

আবাহনী : ৫০ ওভারে ২৩১/৮ ( জহুরুল ১২, নাঈম ০, নাজিমউদ্দিন ৬২, তুষার ২৮, সুজিত ফার্নান্ডো ৪৫, সোহরাওয়ার্দী অপরাজিত ৩১, মাসুদ ৮, মাশরাফি ১, জিয়াউর ২০, শাহজাদা অপরাজিত ১, অতিরিক্ত ২৩, মঞ্জুরুল ৩/৩১, তাপস ০/৩২, হাসিবুল ১/৬৬, আফতাব ৩/৩৮, সাকিব ০/৩১, আরাফাত ১/২৪)

মোহামেডান : ৪১.৫ ওভারে ১৫২/১০ (ইমতিয়াজ ০, জুনায়েদ ১৯, আফতাব ১২, সাকিব ৭, ফয়সাল ১, হাবিবুল ৮, সগীর ৪, আরাফাত অপরাজিত ৫৬, তাপস ৪, হাসিবুল ৬, মঞ্জরুল ২০, অতিরিক্ত ১৫, মাশরাফি ৫/২৪, জিয়াউর ২/৩৬, শাহজাদা ২/১৯, তালহা ০/২৬, সোহরাওয়ার্দী ১/১২)

ফল : আবাহনী ৭৯ রানে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : মাশরাফি বিন মর্তুজা (আবাহনী)