২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্রেফ ভুলের খেসারত দিলো নিউজিল্যান্ড

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের একটা ম্যাচও জমছে না বলে নাকি খারাপ লাগছিল জন বুকাননের। অবশেষে তার আক্ষেপটা দূর হয়েছে। রোববার অস্ট্রেলিয়াকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৩ রান করে রিকি পন্টিংয়ের দল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 08:19 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

রানের পাহাড় গড়ায় বড় ভূমিকা ছিল পন্টিং (১১১) আর ম্যাথু হেইডেনের (১১৭) সেঞ্চুরির। কিন্তু ৩৪৪ রানের টার্গেটকেও অজেয় মনে করেনি নিউজিল্যান্ড। জ্যাকব ওরাম দেশের পক্ষে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি করে প্রায় জিতিয়েই দিয়েছিলেন দলকে। মাত্র ৮ রানে হেরেছে নিউজিল্যান্ড!

ম্যাচের ফলাফল কিন্তু অন্যরকমও হতে পারতো। ০,৪ এবং ৭৯ রানে তিনটি ক্যাচ দিয়েও পার পেয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি করেছেন ম্যাথু হেইডেন। ভেট্টোরি যদি তার দেওয়া প্রথম ক্যাচটা ধরতে পারতেন তাহলে কি ৩৪৩ করতে পারে অস্ট্রেলিয়া? বলা মুশকিল।

পরে ভেট্টোরি তার ভুলের মাশুল দিয়েছেন ঠিকই। হেইডেনকে শেষ পর্যন্ত তিনিই বোল্ড করেছেন। ততক্ষণে অবশ্য দেরি হয়ে গেছে অনেক।  হেইডেনের ১১১ বলে ১১৭ রান তো হয়ে গেছেই, সঙ্গে পন্টিংয়ের ২১তম সেঞ্চুরির সুবাদে তাদের দ্বিতীয় উইকেট জুটিতে দু’শ রান পেয়ে গেছে অস্ট্রেলিয়া। এমন ভিত্তির ওপর যেমন ইমারত গড়ার কথা অ্যান্ড্রু সাইমন্ডস (১৩ বলে ২৪), মাইকেল হাসি (১৬ বলে ২৯*) আর ক্রেইগ হোয়াইটের (১২ বলে ২০*) ছোটখাটো ঝড়ো ইনিংসগুলো তা -- ই  গড়েছে। এ ম্যাচের ৩৪৩  --ই  এখন ওয়াকা গ্রাউন্ডের সর্বোচ্চ ইনিংস।

নিউজিল্যান্ড তা টপকে গেলে একদিনেই হয়ে যেত নতুন রেকর্ড। জ্যাকব ওরাম  ৭২ বলে নিউজিল্যান্ডের দ্রুততম সেঞ্চুরি (১০১*) করে সেই লক্ষ্যের বেশ কাছে নিয়ে গিয়েছিলেন দলকে। তার ইনিংসে ছিল ৪ টি চার আর ৬ টি বিশাল ছক্কা। তার আর লুই ভিনসেন্টের (৩৯ বলে ৪৬) ষষ্ঠ উইকেটে ১৪.৪ ওভারে আসে ১৩৭ রান! শেষ দিকে গ্লেন ম্যাকগ্রা রানের স্্েরাতে বাঁধ না দিলে হয়তো জিতেই যেতো নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে টুর্নামেন্টে এখনো অপরাজিত রাখতে ঝকঝকে এক ইনিংস খেলায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রিকি পন্টিং।