লারা ফিরলেন,জিতলো ওয়েস্ট ইন্ডিজ
গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কেন জয়ের সুযোগ হাতছাড়া করেছিল? অধিকাংশ উইন্ডিজ ভক্তই বলে উঠবেন,“লারা ছিল না,তাই।” কথাটা একেবারে উড়িয়ে দেয়া যেতো শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে লারার উপস্থিতিতে ঠিক উল্টোটি না ঘটলে। টসে জিতে ভারতকে ব্যাট করতে বলে কী মুশকিলেই না পড়েছিলেন লারা! উথাপ্পা -- ঝড়ে ১০ ওভারে ৯২, ১১.৩ ওভারে ১০০, ১৯.৪ ওভারে ১৫০ ---
ভারত রীতিমতো উড়ছিল তখন। এক সময় তো মনে হচ্ছিল চারশ ছাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে রানের পাহাড়ে চাপা দিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে রাহুল দ্রাবিড়ের দল। সেই অবস্থা বেমালুম পাল্টে গেছে। ৬.২ ওভার বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজে ২ ---- ০ তে এগিয়ে যাওয়ায় দল নিয়ে এ ম্যাচে কিছু পরীক্ষা -- নিরীক্ষা করেছে ভারত। সৌরভ গাঙ্গুলীকে বিশ্রাম দিয়ে গৌতম গম্ভীরের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল রবীন উথাপ্পাকে। গত ম্যাচ খেলা ধোনি, যোগীন্দররাও নেই দলে। যা হোক, সৌরভের জায়গায় খেলার সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন উথাপ্পা। শুরুতেই গম্ভীরকে (০) হারিয়েও তাই সমস্যায় পড়তে ভারতকে। ৪১ বলে ১১ টি চার ও ২টি ছক্কাসহ ৭০ রানের ঝড়ো এক ইনিংস খেলে উথাপ্পা আউট হওয়ার সময় তাদের স্কোর ১০.২ ওভার শেষে ২ উইকেটে ৯৫ । ডান হাতি এই ব্যাটসম্যানের বিদায়ের পর শচীন টেন্ডুলকার (৬০) ও রাহুল দ্রাবিড়ের (৫৭) ১০৬ রানের চতুর্থ উইকেট জুটি বাদ দিলে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ভারত। মাত্র ৩৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৪৮ ওভারে তারা অল আউট হয়ে যায় ২৬৮ রানে। ৩৯ রানে ৪ উইকেট নিয়ে ভারতীয়দের স্বপ্নভঙ্গে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ডোয়াইন ব্রাভো। তারপরও কফিনে যে কয়টি পেরেক বাকি ছিল সেগুলো ঠুকেছেন মার্লন স্যামুয়েলস, লারা, স্মিথরা (৩৩)। স্যামুয়েলস ৯৫ বলে ১২ টি চার আর ১ টি ছক্কা মেরে সেঞ্চুরি থেকে মাত্র দু রান দূরে থেমে গেলে দলকে জয়ের বন্দরে পৌঁছানোর দায়িত্ব ছিল লারার। কিন্তু উইন্ডিজ অধিনায়কও ফিরে যান ৮৮ বলে ১০ টি চার ও দুটি ছক্কায় ৮৩ রান করে। তাতে ম্যাচে একটু নাটকীয়তার গন্ধ লাগলেও জয় ঠেকে থাকেনি। ৪৪ তম ওভারের চতুর্থ বলে শ্রীশান্তকে চার মেরে স্কোর ৭ উইকেটে ২৭০ করে দেন রামাদীন। ম্যান অব দি ম্যাচ হয়েছেন মার্লন স্যামুয়েলস।
