২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাদারীত্বের পথে শেখ রাসেলের যাত্রা

তিন বছর আগে প্রিমিয়ার ফুটবলে বড় শক্তি হয়েই আবির্ভূত হয়েছিল তারা। মাঠের খেলায়ও তার প্রমাণ রেখেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র রানার্স--আপ ট্রফি জিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 07:31 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

পরেরবার পঞ্চম স্থানে নেমে এলেও বড় দলের তকমাটা এখনো লোগে আছে গায়ে। সেই জৌলুস--আর্কষণ অটুট রেখেই ১৯৭৫ সালে জন্ম নেওয়া এই ক্লাবটি এবার পেশাদার ফুটবলেও পা রাখতে যাচ্ছে। 

এই ক্লাবের কর্মকর্তারাও চান আবাহনী--মোহামেডানের সঙ্গে শেখ রাসেলের নামটিও যেন উচ্চারিত হয়। দলের সভাপতি নুরুল আলম চৌধুরীও সেই গর্ব নিয়ে ‘বি’ লিগের নির্ধারিত সংবাদ সম্মেলনে বলেছেন, “আমাদের বাজেট আবাহনী---মোহামেডানের মতোই। পৌনে দুই কোটি টাকা বাজেট আছে ‘বি’ লিগের জন্য।”

বাজেটের বড় অংশ খরচ হচ্ছে খেলোয়াড়দের পেছনেই। ১৮জন দেশী ফুটবলার আর পাঁচজন বিদেশী নিয়ে তারা দল সাজিয়ে ফেলেছে।

দেশী খেলোয়াড়দের মধ্যে বড় তারকা জাতীয় দলের সাবেক ফুটবলার মিডফিল্ডার তানভীর চৌধুরী ও ডিফেন্ডার মাহমুদুল হাসানকে নিয়েই তারা হাজির হয়েছিল সংবাদ সম্মেলনে।

দলের খেলোয়ারদের মধ্যে টাকা পাওয়ার দিক থেকে সবার চেয়ে এগিয়ে আছেন তানভীর, সাড়ে সাত লাখ টাকা নিয়ে। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব--২৩ দলের গোলরক্ষক শাকিল এবং বেশ কিছু তরুণ মুখ আছে দলে।

শক্তি--বিবেচনায় এই দল নিয়ে বেশ খুশি কোচ ওয়াজেদ গাজী। ২০০৪-০৫ ব্রাদার্সে কাটিয়ে আবার শেখ রাসেলে ফেরা এই প্রবীণ কোচের চোখে এটি শিরোপার দৌড়ে থাকার মতোই দল।

“২০০৩ সালের দলের সঙ্গেও আমি ছিলাম, আমারই হাতে গড়া দল ওটা। কিন্ত ওই দলের চেয়ে এবারের দল অনেক শক্তিশালী।”

কিন্তু গত মৌসুমে শেখ রাসেলের একটা বদনাম হয়ে গেছে। সেটা হলো, তারা নাকি ‘কোচের স্বাধীনতায়’ বিশ্বাসী নয়!

গত মৌসুমে শেখ রাসেলের কোচ আবু ইউসুফই এই অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের সুরেই বিষয়টা যখন উত্থাপিত হয়েছে তখন ক্লাবের সভাপতি নুরুল আলম চৌধুরীর জবাব, “আমি ও অন্যান্য কর্মকর্তারা খেলাধূলা করার সুবাদে ফুটবলের কিছু জিনিস বুঝি। সেজন্যই ম্যাচের দল গঠনের সময় কোচের সঙ্গে এ নিয়ে আলোচনা করি আমরা। এটাকে কোনো কোচ হস্তক্ষেপ ধরলে হস্তক্ষেপ।”

এর অর্থ, হয়তো এবারও ওয়াজেদ গাজীকে তাদের ’পরামর্শ’ দেওয়া অব্যাহত থাকবে।

কর্মকর্তাদের এ ধরনের মনোভাবের কারণে দলের পেশাদারীত্ব চর্চা খানিকটা বিঘিœত হতে পারে। তাদের এ মনোভাবের পরিবর্তন হবে-- এমনটা আশা করা বোধহয় অন্যায় হবে না।