২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ, পাল্টা অভিযোগ, সাফাই এবং আরো কত কী!

প্রায়ই ফোন ধরে ওপার থেকে ওনাকে বলতে শোনা যায়, “আমি এখন শ্রীলংকায়”, অস্ট্রেলিয়ায় কিংবা অন্য কোনো দেশে। নিজের অনন্ত ব্যবসায়িক ব্যস্ততার মাঝ থেকে ফাঁক -- ফোকর বের করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব সামলানো মাহবুব আনাম শনিবার এসময়ের সবচেয়ে বিতর্কিত বিষয়টা নিয়ে মুখই খুলতে চাইলেন না প্রথমে,“শনিবারটা আমি একান্তই নিজের ভুবনে কাটাই। পরিবারকে সময় দেই।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2007, 09:04 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

কিন্তু শেষপর্যন্ত মুখ না খুলেও থাকতে পারলেন না। কেননা জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দলের ম্যানেজার নিয়োগ বিতর্কে অভিযোগের আঙ্গুল সবচেয়ে বেশী উঠেছে তার দিকেই। তুলেছেন খোদ বিসিবির অন্যতম সহ - সভাপতি আজিজ আল কায়সার টিটো। মিডিয়াকে বলা তার কথায় ইঙ্গিতটা ছিল মাহবুবের দিকেই,“দুই তিনজন লোকের কথায় ক্রিকেট বোর্ডটা চলছে।” টিটোর অভিযোগ ধরলে আলী আসিফ খান সম্পর্কে মাহবুবের প্রশংসাবাণী বোঝাচ্ছে তালিকার অন্য একটা নাম নতুন ম্যানেজারও,“আপনারা জানেন না, গত তিন চার বছরে একা হাতে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছূ সামলেছে আসিফ।” অভিযোগের বিপক্ষে দাঁড়িয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে মুখ তো খুলতেই হয়! তাই ‘ মাহমুদকে সরিয়ে আসিফকে ম্যানেজার করার কারণ ...’ শেষ করার আগেই তার প্রবল আপত্তি,“সরানো হয়েছে তখনই বলা যায়, যখন কেউ কোনো পদে স্থায়ী থাকেন। কিন্তু মাহমুদ তো স্থায়ী ম্যানেজার ছিলেন না। আমরা তাকে প্রত্যেকটা ট্যুরের জন্য আলাদা আলাদাভাবে ম্যানেজার নিয়োগ করে আসছিলাম।”

অথচ টিটো দাবি করেছেন, মাহমুদকে বিশ্বকাপ পর্যন্ত ম্যানেজার রাখার নীতিগত সিদ্ধান্ত বেশকিছুদিন আগে বোর্ডসভাতেই নিয়ে রাখা হয়েছিল। এবং দিনচারেক আগে বিদেশ থেকে ফিরে বিসিবির মার্কেটিং কমিটিরও চেয়ারম্যান অভিযোগ করেছেন, ম্যানেজার পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে অবহিতও করা হয়নি। ক্রিকেট প্রশাসনের অন্দরমহলের এই ফুঁসে ওঠা ক্ষোভ সহসা দমবে বলেও মনে হচ্ছে না।

কেননা পাল্টা অভিযোগ এবং ক্ষোভ মাহবুবেরও,“টিটো সাহেব কিন্তু দেশে ছিলেন না। তার সঙ্গে আমার এখনো কোনো কথা হয়নি। তিনি ওরকম কিছু বলেছেন কিনা তাও জানি না। যদি বলেই থাকেন তাহলে বলবো, বোর্ড সভায় অনুপস্থিত থেকে তেমন মন্তব্য তিনি করতে পারেন না। আর মাহমুদকে বিশ্বকাপ পর্যন্ত ম্যানেজার রাখার নীতিগত সিদ্ধান্ত কখনোই নেয়া হয়নি। বোর্ড সভার আলোচ্যসূচীর কপি তো তার কাছেও আছে। তাহলে তো বলতে হয়, উনি সেটা পড়েই দেখেননি।”

তবে গত বছরের ১৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের ওপর পুলিশের নারকীয় হামলার সময় আলী আসিফ খানের নেতিবাচক ভূমিকা দেখেছেন অনেকেই। ঘটনার খলনায়ক ডিসি আকবরকে সসন্মানে তার আপ্যায়ন করানোর দৃশ্যও নজর এড়াতে পারেনি। সেই আসিফই কিনা পুরস্কৃত বাংলাদেশ দলের ম্যানেজারের পদ পেয়ে! ক্রিকেটাঙ্গনে প্রচার আছে, নতুন ম্যানেজার সাধারন সম্পাদকের ‘আশীর্বাদপুষ্ট’। তাই মাহবুবের একথাগুলোকে আসিফের ভাবমূর্তিকে নিষ্কলুষ করার চেষ্টা হিসেবে কেউ দেখতেও পারেন,“আইসিসির রিপোর্ট আমার কাছে আছে। ওই টেস্ট বাঁচানোর জন্য আসিফের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে রিপোর্টে।” সাংবাদিক পেটানোর তদন্ত রিপোর্টকে অন্ধকারে রেখে আইসিসির রিপোর্ট নিয়ে ঢোল পেটানোয় অন্য কিছুর গন্ধ কেউ আবিষ্কার করতে চাইলে তাকে দোষ দেয়ার সুযোগ খুব কমই!

অবশ্য মিডিয়ার বিরুদ্ধেও অভিযোগ আছে মাহবুবের,“মিডিয়ায় কিন্তু সত্যি কথাটা আসছে না। মাহমুদকে জিম্বাবুয়ে সিরিজের জন্য পাওয়া যাবে না জেনেই আমরা অন্য কারো কথা ভেবেছি। ও ডিওএইচএসের কাছ থেকে লিগ খেলার জন্য টাকা নিয়েছে। আমরা তো ক্লাবের কাছে গিয়েছিলাম। কিন্তু ক্লাব ওকে ছাড়তে চায়নি। তাছাড়া মাহমুদ নিজেই খেলার জন্য গেম ডেভেলপমেন্টের (মাহমুদ ক্রিকেট একাডেমীর অপারেশন্স ম্যানেজার পদেও কর্মরত) কাছ থেকে ছাড়পত্র নিয়েছে। বোর্ড সভায় সবই আলোচিত হয়েছে। টিটো সাহেব এসবের কিছুই জানেন না!” বাংলাদেশ দলের সাবেক অধিনায়কও স্বীকার করেছেন তার সম্পর্কে মাহবুবের এই কথাগুলো,“হ্যাঁ, আমি লিগ খেলার জন্য ছাড়পত্র নিয়েছি। আমি এবার ব্যক্তিগতভাবেই ম্যানেজার হতে চাইনি।” ডিওএইচএসের সাধারন সম্পাদক তারেক চৌধূরী  কিন্তু বলছেন অন্যকথা,“কই বোর্ড তো এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনাই করেনি। আমাদের খেলোয়াড়রা কি জাতীয় দলে খেলছে না? জাতীয় স্বার্থে তাদের তো আমরা ঠিকই ছাড়বো। তাহলে?”

মাহমুদের নিজের সিদ্ধান্তে বিতর্কিত আসিফকে ম্যানেজারের মওকা মিলিয়ে দেওয়ায় স্বার্থটা যে আসলে কার!