২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বদনাম’ মাথা পেতে নিয়েই সুনাম বাড়াতে চায় আরামবাগ

আরামবাগ সত্যিই বড় দলের ‘বাঘ’। কখনো আবাহনী, কখনো-বা মোহামেডানের পথের কাঁটা হয়ে দাঁড়ানো আরামবাগের ফুটবল---কীর্তির কথা ঢাকা মাঠের নিয়মিত দর্শক মাত্রই জানেন। তারা আরো জানেন, দলটি নিজেদের ইচ্ছেমতোই হারতে পারে কিংবা অন্যকে বিনা দ্বিধায় পয়েন্ট ছেড়ে দিতে পারে। ইঙ্গিত পাতানো খেলার দিকেই, এরকম অভিযোগ শোনার পরও কিন্তু তেলেবেগুনে জ্বলে ওঠেননি আরামবাগ সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম ! বরং হেসেই খানিকটা প্রতিবাদ করেছেন, “যা ঘটে তার চেয়ে বেশি রটে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 10:28 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

দেশের প্রথম পেশাদার লিগে খেলবে বলে বৃহস্পতিবার তারা বাফুফে ভবনে মিডিয়ার সামনে হাজির হয়েছিল নিজেদের পরিচিতি তুলে ধরতে। সেখানে আরামবাগের ফুটবল ঐতিহ্য, ঢাকা লিগ, ফেডারেশন কাপ ও নেপালের মাটিতে তাদের সাফল্যকে ছাপিয়ে বড় হয়ে উঠেছিল তাদের পাতানো খেলা--- প্রীতিই। সেসব ঝেড়ে আসন্ন বি. লিগে ‘একটা ভাল কিছু করার প্রত্যয় নিয়েই’ নামছে আরামবাগ। পেশাদার লিগে যেন নিজেদের সব দুর্নাম ঘুচিয়ে ফেলতে চায় তারা।

সেই লক্ষ্যেই তারা দেশি ---বিদেশী মিলিয়ে ২২ জনের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে এবং বেশ কয়েকজনকে বাফুফেতে নিবন্ধনও করিয়ে ফেলেছে। উগান্ডার দুই মিডফিল্ডার ডোমেনেক ও ইদি এবং স্ট্রাইকার ইদ্রিসকে তারা নিশ্চিত করে ফেলেছে। আরো একজন বিদেশী ডিফেন্ডার খুঁজছেন বলে জানিয়েছেন ক্লাবের কোচ কাজী নেয়ামূল মজিদ জলি।

তারা এই দল গড়া এবং লিগ চালানোর জন্য ৮০ লাখ টাকা বাজেট ধরেছে। এবং প্রথম বিভাগের দল চালানোর জন্য ২০ লাখ টাকা বরাদ্দ রেখেছে। “বি. লিগে খেলার পাশাপাশি খেলোয়াড় বের করে আনার  কাজটিও আমরা করে যেতে চাই। সেজন্যই প্রথম বিভাগেও দল রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা”ÑÑÑÑ বলেছেন আরামবাগ সম্পাদক।