মাসুদ ও আশরাফুলের জরিমানা
কয়েকটি জাতীয় দৈনিকের মাধ্যমে নিজেকে ‘অটোমেটিক চয়েস’ দাবি করার পরই খালেদ মাসুদের শাস্তির মুখে পড়াটা অবধারিত হয়ে গিয়েছিল। সপ্তাহখানেক আগে মাসুদের মন্তব্য ছাপা হওয়ার পর বেশ দ্রুত প্রতিক্রিয়াই হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
মোহাম্মদ আশরাফুল এবং আফতাব আহমেদের অভিযোগের সূত্রও একই --- পত্রিকায় ছাপা হওয়া মন্তব্য। কিন্তু এক্ষেত্রে সংশ্লিষ্ট দুই ক্রিকেটারের আচরণবিধি ভঙ্গের প্রতিক্রিয়াটা এত বিলম্বিত যে ছেলেবেলার পাঠ্যপুস্তকের সেই ‘খরগোশ আর কচ্ছপ’ এর গল্পটা চলে আসছে সামনে। এই সেদিন মাসুদের বক্তব্য প্রকাশিত হলেও অন্য দুজনেরটা ছাপা হয়েছিল সেই ৫ ডিসেম্বর! অথচ তিনজনকেই বিসিবির ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হতে হলো এক সঙ্গে। সোমবার তাদেরকে দোষী সাব্যস্ত করে শাস্তিও দেওয়া হয়েছে। মাসুদ আর আশরাফুলের হয়েছে অর্থদন্ড। একটি ওয়ানডের ম্যাচ ফি’র ৫০ ভাগ কেটে রাখা হচ্ছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাসুদের। আর আশরাফুলের জরিমানা একটি ওয়ানডের ম্যাচ ফি’র শতকরা ১৫ ভাগ। আফতাবকে অবশ্য লিখিত এবং মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি ওই তিন ক্রিকেটারের বিরুদ্ধে তাদের পরোয়ানার কথা জানিয়েছে।
