২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের বেশ কাছে দক্ষিণ আফ্রিকা

শুরুটা মনে হয় প্রত্যাশামতো হচ্ছে না পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকায় এসেই ইনজামাম ঘোষণা দিয়েছিলেন, এ সিরিজে ভারতের চেয়ে ভালো খেলবে তার দল। টেস্ট সিরিজের সূচনাটা ঠিক ভারতের চেয়ে ভালো হবে বলে মনে হচেছ না। প্রথম টেস্টে ভারত জিতেছিল, কিন্তু পাকিস্তানকে বোধহয় হারতেই হবে। হার এড়াতে অতিমানবীয় কিছু করে দেখাতেই হবে পাকিস্তানের বোলারদের। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৩০২ রানে অল আউট হওয়ায় দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১৯৯ রানের জয়ের লক্ষ্য। চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৬৯ রান করে ফেলেছে। জয় থেকে তারা এখন ১৩০ রান দূরে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 10:40 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

অবশ্য বোলার শহীদ নাজির (৪০), রানা নাভিদ (৩৩) ও দানিশ কানেরিয়া (২৩) চরম বিপদে সময় ব্যাটিং দক্ষতাও  না দেখালে চতুর্থ দিনেই হয়তো জিতে যেতো দক্ষিণ আফ্রিকা। ভাবুন একবার, ১৯৯ রানে সপ্তম উইকেট হারিয়ে পাকিস্তান যে অবস্থায় পড়েছিল নাজির --- নাভিদরা শেষ তিন উইকেটে ১০৩ রান উপহার না দিলে কী হতো! মাত্র ৯৫ রানের লিড নিয়ে পাকিস্তান কি পারতো ম্যাচকে পঞ্চম দিনে নিয়ে যেতে?

অথচ ২ উইকেটে ১০৩ রান --- এমন ভালো একটা অবস্থা নিয়েই দিন শুরু করেছিল পাকিস্তান। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সে অবস্থা ধরে রাখা যায়নি। দিনের খেলা শুরুর একটু পরই ইউনিসকে (৩৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শন পোলক। মধ্যাহ্ন বিরতি শুরুর দু ওভার আগে ইমরান ফারহাতকেও (৬৮)  ফিরিয়ে দেন  পল হ্যারিস। ৪ উইকেটে ১৬০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া পাকিস্তান বিরতির পরও উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ইনজামাম (৩৫), ফয়সল ইকবাল (৯) আর কামরান আকমলও (১৫) আউট! স্পেশালিস্ট ব্যাটসম্যানদের হারিয়ে পাকিস্তান তখন ৭ উইকেটে ১৯৯ রান নিয়ে লজ্জাকর পরাজয়ের আঙ্গিনায়। অষ্টম উইকেটে ৫৬, নবম উইকেটে ২৫ ও  শেষ উইকেট জুটিতে ১৯ রান তুলে নাজির --- নাভিদ --- কানেরিয়া ---- আসিফরাই (৮*) দলকে দিয়েছেন মোটামুটি লড়াই করার মতো একটা লিড।

১৯৮ রানের লিডকে লড়াই করার মতো বলা অনেকের বিবেচনাতেই হয়তো বাড়াবাড়ি। এমন ভাবার একটাই কারণ ---  প্রথম ইনিংসের মতো আসিফ জাদু দেখাতেই পারেন কিংবা কানেরিয়াও পেয়ে যেতে পারেন পঞ্চম দিনের উইকেটের সুবিধা। তাহলেই শুধু আশা করতে পারবে পাকিস্তান। নইলে সোমবার প্রথম ঘন্টাতেই অনেক দূর এগিয়ে যেতে পারে প্রোটিয়ারা। অধিনায়ক স্মিথ ইনিংস সূচনা করেছিলেন সে রকম পরিকল্পনা নিয়েই। নইলে টেস্ট ম্যাচে কোনো দল কখনো ৯.৫ ওভারে ৫০ রান করে বসে থাকে!

ওভাবে ব্যাট করায় ঝুঁকি থাকে। সোমবার সেরকম ঝুঁকিপূর্ন ব্যাটিং করতে গিয়ে স্মিথ (৩২), এবি ডিভিলিয়ার্সের (১২) মতো অন্যরাও আত্মাহুতি দিলে .........! এখন বোধহয় সেরকম প্রার্থণাই করছেন ইনজামাম --- উল হক।