২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও ইংল্যান্ডকে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া

অ্যাশেজ সিরিজে হোয়াইট ওয়াশ করার পর ওয়ানডেতেও ইংল্যান্ডকে নাস্তানাবুদ করতে শুরু করেছে অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড হেরে গেছে ৮ উইকেটে। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪২ রান করেছিল ইংল্যান্ড। জবাবে ৪.৪ ওভার বাকি থাকতেই ২ উইকেটে ২৪৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বৃহস্পতি বার মোটেই ভালো সূচনা পায়নি  টসে জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড। ২০ রানে স্ট্রাউস আর ৪৩ রানে অধিনায়ক মাইকেল ভনকে ফিরিয়ে দেন ব্র্যাকেন। তারপরও যে তারা মোটামুটি একটা স্কোর পেয়েছে তার কারণ কেভিন পিটারসেন (৮২), অ্যান্ড্রু ফ্লিনটফ (৪৭*) আর পল কলিংউডের (৪৩) সময়োপযোগী ব্যাটিং। পিটারসেন হয়তো সেঞ্চুরিই পেয়ে যেতেন।  কিন্তু ম্যাকগ্রার বলে বুকের পাঁজরে ব্যথা পাওয়ার পর আর স্বাভাবিক মনে হয়নি তাকে। স্টুয়ার্ট ক্লার্কের বলে সাইমন্ডসের ক্যাচ হওয়ার পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পিটারসেনকে। পরে স্ক্যান রিপোর্ট দেখে এ সিরিজে আর তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

পিটারসেন যখন হাসপাতালে শুয়ে তখন  ইংলিশ বোলারদেরও একরকম শুইয়ে দিচ্ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ভাগ্যিস ৭ টি চার আর ১ টি ছক্কার সহায়তায় ৬১ বলে ৬০ রান করার পর ড্যারলিম্পলের বলে তার ব্যাটিং তান্ডব শেষ হয়েছিল! অবশ্য ততক্ষণে উদ্বোধনী জুটিতে ১০১ রান পাওয়া হয়ে গেছে অস্ট্রেলিয়ার। একটু পর আরেক ওপেনার ম্যাথু হেইডেন মন্টি পানেসারের শিকার হওয়ার পরও তাই জয় পেতে কোনো অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার। ভালো সূচনার শতভাগ সুবিধা তুলে কীভাবে জয় আদায় করে নিতে হয় তা তো রিকি পন্টিং (৮২*) আর মাইকেল ক্লার্ক (৫৪*) বরাবরই ভালো জানেন!

সংক্ষিপ্ত স্কোর :

 ইংল্যান্ড ৫০ ওভারে ২৪২/৮ (স্ট্রাউস ১২, ভন ২৬, বেল ১৫, পিটারসেন ৮২, কলিংউড ৪৩, ফ্লিনটফ ৪৭*, ম্যাকগ্রা ২/৪০, ব্র্যাকেন ৩/৪৬, জনসন ২/৩৪, ক্লার্ক ১/৫৮)

অস্ট্রেলিয়া ৪৫.২ ওভারে ২৪৩/২ (গিলক্রিস্ট ৬০, হেইডেন ২৮, পন্টিং ৮২*, মাইকেল ক্লার্ক ৫৪*, ড্যালরিম্পল ১/৩৮, পানেসার ১/৪৬)

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী

ম্যান অব দি ম্যাচ: অ্যাডাম গিলক্রিস্ট