এবার ওয়ানডে দলেও ফিরতে পারেন সৌরভ গাঙ্গুলী
“ফর্ম এবং ফিটনেস খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার দল নির্বাচনের সময় এ দুটো বিষয়কেই গুরুত্ব দেওয়া হবে”- এমনিতে খুব সাদামাটা মনে হলেও দিলীপ ভেংসরকারের এই মন্তব্য কিন্তু সৌরভ গাঙ্গুলির জন্য খুব আশাজাগানিয়া। এ কথা শুনে সৌরভ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সুযোগ পাওয়ার আশা করতেই পারেন।
ফিটনেসে বড় কোনো সমস্যা নেই সৌরভের। তবে সেটা বড় কথা নয়, ভারতের সর্বকালের সফলতম অধিনায়কের জন্য বড় কথা হলো সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো ফর্মের প্রমান রাখতে পারা। তিন টেস্টের সিরিজে করেছেন মোট ২১৪ রান। ভারতীয় দলের আর কেউ এত রান করতে পারেননি।
ভারত -- ওয়েস্ট ইন্ডিজ চার ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথটি হবে আগামী ২১ জানুয়ারি। শুক্রবার সিরিজের প্রথম দু ম্যাচের দল ঘোষণা করবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ভেংসরকার জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করা তরুনদেরও সুযোগ দেওয়া হবে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকার বিপক্ষের ওয়ানডে সিরিজে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ শেষ হওয়ার পরই শ্রীলংকার মুখোমুখি হবে ভারত।
ওদিকে ফিটনেস ফিরে পাওয়ায় বাঁ -- হাতি ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের দলে ফেরাও অনেকটা নিশ্চিত। ফিটনেস টেস্টে উৎরে যাওয়ায় এখন শুধু ম্যাচ প্র্যাকটিস দরকার তার। শুক্রবার মুম্বাইতে একটি ঘরোয়া ম্যাচ খেলার কথা যুবরাজের।
সৌরভ ফর্ম আর যুবরাজ ফিটনেস ফিরে পেয়ে যখন ওয়ানডে দলে ফেরার অপেক্ষায়, তখন ইরফান পাঠান লড়ে চলেছেন নিজেকে ফিরে পেতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই তাকে দেশে ফেরানো হয়েছিল ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়ে বোলিংয়ে ছন্দ ফেরাতে। তাকে অবশ্য এখনো যত বেশি সম্ভব ঘরোয়া ক্রিকেট খেলে বিশ্বকাপ দলে ফেরার পথ ধরারই পরামর্শ দিচ্ছেন ভেংসরকার, “ ও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও যত বেশি খেলবে ততই ফর্ম এবং ভারতীয় দলে নিজের জায়গা ফিরে পাওয়া নিশ্চিত হবে।”
