কিছু প্রশ্ন নিয়েই আবার শুরু হচ্ছে পেসার হান্ট
৭ ফেব্র“য়ারি থেকে আবার শুরু হচ্ছে গ্রামীন ফোন পেসার হান্ট। দ্বিতীয় বারের মতো এই আয়োজন, যাতে এদেশের ক্রীড়াসমাজকে মাত করতে পারে, সেই ব্যবস্থাও পাকাপাকি। প্রায় একমাস আগে বুধবার রাতে এর বিজ্ঞাপন টিভিতে প্রচার শুরু হয়ে গেছে। গ্রামীনফোনের মিডিয়া ম্যানেজার মঈন তারেক জানাচ্ছেন,“অ্যাডগুলো যা দারুন হয়েছে না!”
‘অ্যাডগুলো’ কারণ এবারের প্রচারণামূলক বিজ্ঞাপন হবে চার পর্বের। এর প্রথম পর্বে মাশরাফি, শাহাদাত ও রাসেলদের সঙ্গে ‘বাতচিত’ --- এ থাকছেন সেই শামীমই, যিনি প্রথম আয়োজনের বিজ্ঞাপনের পর রীতিমতো তারকা বনে গিয়েছিলেন। শেষ পর্বে আসবেন অধিনায়ক হাবিবুল বাশার। নি:সন্দেহে আরেকটি ‘চালু’ বিজ্ঞাপনের মর্যাদাই পাবে। কিন্তু এই আয়োজনের উদ্দেশ্য কী আলোর মুখ এবার দেখবে? প্রথমবার দেখেনি বলেই প্রশ্নটা আসছে। এবং সোনারগাঁ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এরকমই আরো কিছু প্রশ্নকে উসকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক মাহবুব আনামের বক্তব্য। তার ভাষায় আগের বারের মতোই এবারো তাদেরই বেছে নেওয়া হবে,“যাদের বোলিংয়ে গতি, গতি এবং শুধুই গতি আছে।”
কিন্তু গতিটাই যে শেষ কথা নয়, তার উদাহরণ হয়ে আছেন প্রথমবারের দুই সেরা আবিষ্কার ওয়াসকুরুনি পলাশ এবং জাহিদ হোসেন। গতিতে অন্যদের হার মানালেও তাদের বোলিং অ্যাকশন সন্দেহজনক। প্রসঙ্গটা তুলতেই পাল্টা যুক্তি দিলেন মাহবুব,“যদি কারো বোলিংয়ে গতি থাকে, তাহলে অ্যাকশন শুধরে নেওয়া যায়।”
অবশ্য তার কথার পাল্টা যুক্তি হয়ে গেল ন্যাশনাল পেস অ্যাকাডেমির হেড কোচ সারোয়ার ইমরানের কথা। অ্যাকশন শুধরানোর জন্য ভারতের এমআরএফ পেস ফাউন্ডেশন থেকে ফেরার পর তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে তিনি বললেন,“ভারতে গিয়ে তাদের উন্নতি তেমন একটা হয়নি। পলাশ যদিও অ্যাকশন শুধরে নিয়েছে, কিন্তু তা করতে গিয়ে ওর বোলিংয়ের গতি কমে গেছে। আর জাহিদকে তো নিয়মিত পাওয়াই যায় না। ক্রিকেটে আগ্রহই হারিয়ে ফেলেছে বোধহয়।”
পেছনে এমন দৃষ্টান্ত থাকলে প্রশ্ন আসেই। আসছেও তাই। তবে ব্যতিক্রমও যে নেই তা নয়। গ্রামীণ ফোনের হেড অফ মার্কেটিং রুবাবা দৌলা মতিন তেমন কয়েকজনের কথা বললেন,“চট্টগ্রামের কামরুল অনুর্ধ্ব --- ১৯ দলে খেলেছে। ২০০৮ সালের যুব বিশ্বকাপে সাভারের আজিমও খেলবে।” জাতীয় দলের নেটে বল করার জন্য ডাক পড়ে রংপুরের শুভাশিষ রায়ের। গতবারের মতো এবারো সারাদেশে ছড়িয়ে --- ছিটিয়ে নতুন মাশরাফি --- শাহাদাতদের তালাশ করা হবে। বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন জানালেন, এবার ১১টি জেলার ১৪টি ভেন্যুতে হবে প্রাথমিক পর্ব। সেখান থেকে বাছাই করাদের নিয়ে ২০ --- ২৯ এপ্রিল ঢাকায় শুরু হবে দ্বিতীয় পর্ব। আর ১৬ --- ২৫ জুন শেষ পর্বও ঢাকাতেই হবে।
আর এই গোটা আয়োজনের পুরো খরচই দেবে গ্রামীনফোন। টিভি বিজ্ঞাপনের বাইরেও তারা বিসিবিকে দিচ্ছে ১৫ লাখ টাকা। আগের বারের চেয়েও এবার বেশি সাড়া পাওয়া যাবে বলে আশা করছেন গ্রামীন ফোনের ম্যানেজিং ডিরেক্টর এরিক অঁস,“আগের বার আট হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিল। আমার বিশ্বাস এবার সংখ্যাটা আরো অনেক বেশি হবে।” তার বিশ্বাস হয়তো ফলেও যাবে। বিজ্ঞাপনের চমক অনেক তরুনকেই আকৃষ্ট করবে নিশ্চিত। কিন্তু তাতে কাজের কাজ কতোটা হবে? এবার শুরুর আগে এ প্রশ্ন থাকছেই!
