এবার পারফর্ম করতেই হবে রিয়াল মাদ্রিদকে
দলে তারকা ফুটবলারের অভাব নেই, অথচ খেলা দেখে তা খুব কমই বোঝা যায়। তিন বছরে চ্যা¤িপয়ন্স লিগ দূরের কথা, স্প্যানিশ ফুটবলের কোনো শিরোপাও জিততে পারেনি। ক্লাবটির নাম নিশ্চয়ই অনুমান করতে পারছেন! হ্যাঁ, রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগে এ মুহুর্তে চরম দুর্দশা চলছে তাদের। এর জন্য খেলোয়াড়দের নিষ্ঠার অভাবকেও দায়ী করছেন অনেকে। সোমবার ক্লাবের খেলাধুলার পরিচালক পেদ্রাগ মিয়াতোভিচ সোজা বলে দিয়েছেন, মাঠে যারা পারফর্ম করতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যাবস্থা।
মিয়াতোভিচ গিয়েছিলেন রিয়ালের ট্রেনিং সেশনে কোচ ফাবিও কাপেল্লো আর ক্লাব প্রেসিডেন্ট র্যামন কালডেরনের সঙ্গে কথা বলতে। তার কথায় ঘুরে -- ফিরে এসেছে শুধু ক্লাবের সাম্প্রতিক যাচ্ছেতাই পারফর্ম্যান্সের প্রসঙ্গ। সর্বশেষ চার ম্যাচের তিনটিতে হেরেছে রিয়াল মাদ্রিদ। যদিও তারপরও স্প্যানিশ লিগ পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়ে গেছে তারা, তবুও প্রিয় দলের খেলা দেখে সমর্থক,ক্লাব কর্মকর্তা সবাই হতাশ। এ অবস্থাতেই খেলোয়াড়দের প্রতি তার প্রত্যাশার কথা জানিয়ে দিয়েছেন মিয়াতোভিচ, “ ক্লাবের প্রতি অঙ্গীকার এবং পেশাদারিত্ব - এই দুটো বিষয়ে খেলোয়াড়দের কাছ থেকে বাড়তি মনযোগ প্রত্যাশা করি। মোট কথা, সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারে এমন একটা পেশাদার দল চাই আমরা।”
