অস্ট্রেলিয়ার আসন আরো পাকা
অ্যাশেজে ইতিহাস গড়ার পর র্যাঙ্কিংয়ে নিজেদের স্থান আরো পাকাপোক্ত করেছে অস্ট্রেলিয়া। টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার স্থান কোথায় তা তো সবারই জানা। ওয়েস্টইন্ডিজের আধিপত্যে ভাটা পড়ার পর থেকেই বিশ্বসেরা তারা। র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানের সঙ্গে তাদের ব্যাবধান কম হলো কিনা সেটাই এখন খবর। তবে আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার অবস্থানে সামান্য নড়চড় হওয়ার আশঙ্কাও জাগেনি। রিকি পন্টিংয়ের দল ৮৬ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বরং পয়েন্টের ব্যাবধান আরো বাড়িয়ে নিয়েছে। এ মুহুর্তে ১৩৫ পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া।
২০০৩ সালে র্যাঙ্কিং - এর নিয়মে কিছু পরিবর্তন আনার পর থেকে এত বেশি পয়েন্ট নিয়ে শীর্ষে থাকার এটাই প্রথম নজীর। র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়ার চেয়ে ২১ পয়েন্ট কম অর্থাৎ ১১৪ পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে আছে পাকিস্তান। আসন্ন টেস্ট সিরিজে দক্ষিন আফ্রিকাকে ২ - ০ ব্যাবধানে হারাতে পারলেই অস্ট্রেলিয়ার পরের জায়গাটি পেয়ে যাবে তারা।
টেস্ট সিরিজে ভারতকে ২ - ১ - এ হারানোর পরও র্যাঙ্কিংয়ে দক্ষিন আফ্রিকা পড়ে আছে ছয় নাম্বারে। ভারত তাদের দুু ধাপ আগে। অবশ্য পাকিস্তানকে সিরিজে হারাতে পারলে পঞ্চম স্থানে থাকা শ্রীলংকাকে টপকে যাবে তারা।
অস্ট্রেলিয়ার পাশাপাশি এবারের র্যাঙ্কিংয়ে শেন ওয়ার্নের উত্থানও চোখে পড়ার মতো। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিরিজে ব্যাটে -- বলে দারুণ পারফর্ম করে অলরাউন্ডারদের শীর্ষ পাঁচে ঢুকে পড়েছেন তিনি। সেখানে দক্ষিন আফ্রিকার জ্যাক ক্যালিস, শন পোলক, ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ আর নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির পরই শেন ওয়ার্নের নাম।
