২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দল থেকে সরে দাঁড়ালেন ওয়াকার ইউনিস

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় তিন টেস্ট সিরিজের সময়ই কেবল তিনি পাকিস্তান দলের সঙ্গে থাকবেন। আর ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই তাকে দেশে ফিরে আসতে হবে। এমন সিদ্ধান্তের কথা জেনে ভীষণ অপমানিত বোধ করা ওয়াকার ইউনিস পাকিস্তান দলের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবার পাকিস্তানের ‘জিও’ টেলিভিশন চ্যানেলকে পদত্যাগের কথা জানিয়েছেন সাবেক এই ফাস্ট বোলার। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হওয়ার কয়েক ঘন্টা আগে নিজের সিদ্ধান্তের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) জানিয়ে দিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 06:45 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

হঠাৎ করে ‘পরবাসী’ বানিয়ে দেয়ার ব্যাপারটা তাকে কতোটা আহত করেছে, তা ওয়াকারের এই কথাতেই পরিষ্কার ,“আমাকে বলা হয়েছে, আমি শুধু টেস্ট সিরিজের সময়ই দলের সঙ্গে থাকবো। আর ওয়ানডে সিরিজের আগে দেশে ফিরে আসতে হবে।” যদিও মার্চ --- এপ্রিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত তাকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। কিন্তু পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক এখনই সরে না দাঁড়ানোর কোনো কারণ দেখেননি,“আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোটাই সবার জন্য ভালো হবে বলে মনে করছি আমি।”

অবশ্য ওয়াকারের সরে দাঁড়ানোর ঘটনায় দায় এড়ানোর চেষ্টা করেছে পিসিবি। তাদের কমিউনিকেশন্স ম্যানেজার ড. এহসান মালিকের বক্তব্যে সেটা কারো বুঝতে বাকী থাকার কথা নয়। তার দাবি, ওয়াকারকে শুধুই টেস্ট সিরিজের জন্য দক্ষিন আফ্রিকায় রাখার সিদ্ধান্তটা বোর্ডের নয়, টিম ম্যানেজমেন্টের। মানে কোচ বব উলমার ও ইনজামাম উল হকের দিকেই তর্জনী,“এক্ষেত্রে বোর্ডের কিছুই করার নেই। তাকে শুধুই টেস্ট সিরিজের জন্য দলের সঙ্গে রাখার সিদ্ধান্তটা অধিনায়ক এবং কোচের। ওয়ানডে সিরিজের সময়ও তাকে রাখার ব্যাপারে আমাদের কোনো আপত্তি ছিল না।” এ ঘটনায় পিসিবিকে ওয়াকারের দোষারোপ করা উচিৎ নয় বলেও মন্তব্য করেছেন মালিক। এমনকি তার সঙ্গে চুক্তি পুরো করার সদিচ্ছার অভাব নেই বলেও জানিয়েছেন।