২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিনাররা এগিয়ে রাখলেন ভারতকে

সিরিজে এখনো দলের সবচেয়ে সফল বোলার শান্তা শ্রীশান্ত। কিন্তু প্রথম বারের মতো ভারতকে দক্ষিন আফ্রিকায় সিরিজ জেতানোর পথে রাখার কাজে তাকে পেছনে ফেললেন অনিল কুম্বলে। বৃহস্পতি বার শেষ বিকেলে তার স্পিনের ছোবলে টানা দু বলে দুজন ব্যাটসম্যানের ইনিংস সাঙ্গ হওয়ায় দক্ষিন আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৭৩ রানে। নিজের হ্যাটট্রিকের সম্ভাবনাই শুধু নয়, ৪১ রানের লিড দিয়ে ভারতকে জয়ের পথেও ফিরিয়ে আনলেন কুম্বলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

ভারতের ৪১৪ রানের জবাবটা ভালোই দিচ্ছিল দক্ষিন আফ্রিকা। সকালে আগের দিনের মতো আক্রমনাত্মক মেজাজে ব্যাট করে সেঞ্চুরির কাছেই চলে গিয়েছিলেন অধিনায়ক গ্রায়েম স্মিথ (৯৪)। কিন্তু তারপর কুম্বলের বলে ডাউন দ্য উইকেট এসে অন ড্রাইভ করতে গেলেন , শর্ট মিড উইকেটে ঝাঁপিয়ে পড়ে অসাধারন এক ক্যাচ নিয়ে বসলেন বীরেন্দর শেবাগ। সেই থেকে ম্যাচে ফিরতে থাকে ভারত। শ্রীশান্ত (২/৫৮), কুম্বলে, শেবাগ (১/৩১) , টেন্ডুলকাররা (১/৩০) উইকেট শিকারে মেতে ওঠায় ১ উইকেটে ১৭৩ থেকে এক পর্যায়ে ৬ উইকেটে ২৮১ হয়ে যায়  প্রোটিয়াদের স্কোর। ততক্ষনে  হাশিম আমলা (৬৩), জ্যাক ক্যালিস (৫৪), অ্যাশওয়েল প্রিন্স (২৬) আর হার্শেল গিবসও (৭) আউট।

সে অবস্থায় ভারতের বেশ বড় লিড পাওয়াই ছিল স্বাভাবিক। তবে মার্ক বাউচার (৫০) ও শন পোলকের (৩১) ৬৯ রানের সপ্তম উইকেট জুটি তা হতে দেয়নি। এই দুজনের প্রতিরোধের দেওয়াল ভাঙ্গার কৃতিত্ব অবশ্য মুনাফ প্যাটেল আর জহীর খানের। পোলককে সৌরভ গাঙ্গুলির ক্যাচ বানিয়ে জুটি ভাঙ্গেন জহীর খান। ইনিংসে এটি জহীরের একমাত্র উইকেট। মুনাফ প্যাটেল তখনো কোনো সাফল্য পাননি। সবাই পাবেন, তার হাত খালি থাকবে, তা কি হয়? অন্য সময় হয়তো হয়, তবে এবার হলো না। স্কোর যখন ২৭২, তখন বাউচারকে উইকেটের পেছনে দীনেশ কার্ত্তিকের গ্লাভসে ক্যাচ দিতে বাধ্য করলেন মুনাফ। তারপর? মাত্র ১ রান

যোগ করেই স্টেইন (১) আর এনটিনি (০) আউট। দুজনই কুম্বলের শিকার।

কুম্বলের সামনে হ্যাটট্রিকের সুযোগ। সুযোগটা আসবে দক্ষিন আফ্রিকার দ্বিতীয় ইনিংসে। তবে এ ম্যাচে ভারতের সম্ভাবনার গাছে পানি ঢালা শুরু  হবে শুক্রবার সকালে। ব্যাটসম্যানরা তাদের কাজ করে গেলেই হলো। বোলাররা তো আশ্বাস দিয়ে রেখেছেনই। ভারতকে বরাবর ম্যাচ জেতায় স্পিনাররা।  জোহানেস বার্গের ব্যাতিক্রম যদিও বেশি দূরের নয়, তবু এ ইনিংসে কুম্বলে (৪/১১৭) , শেবাগ আর টেন্ডুলকারের ৬ উইকেট ভাগাভাগি করাকে বাড়তি আশা -- জাগানিয়া মনে হতেই পারে। শ্রীশান্তের পাশাপাশি অন্য পেসাররাও ভালো করবেন, টেন্ডুলকারের বলেও টার্ন দেখা যাবে  --- তারপরও ভারত জয়ের আশা করবে না কেন!