চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে রোববার ভারতে যাচ্ছে জাতীয় ক্রিকেট দল
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে রোববার বিকেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
ক্রিকেট পরাশক্তি অপর ১০টি দলের সাথে প্রতিযোগিতার মাধ্যমে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হওয়াই তাদের লক্ষ্য।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, আমি আবারও বলছি বাছাই পর্বের প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত পর্বে খেলাই আমাদের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কোচ ডেভ হোয়াটমোর ও বাংলাদেশ দলের নবনিযুক্ত ম্যানেজার খালেদ মাহমুদ সুজন উপস্থিত ছিলেন।
আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফির বাছাইপর্ব ৭--১৪ অক্টোবর ভারতের মহালি ও জয়পুরে অনুষ্ঠিত হবে। এতে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুুয়ে অংশ নেবে।
সংবাদ সম্মেলনে কোচ হোয়াটমোর বাশারের কথার প্রতিধ্বনি করে বলেন, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় পর্বে খেলাই তাদের লক্ষ্য।
প্রথম প্রস্তুতি ম্যাচে তার দলের করা ৮৫/৭ স্কোর নিয়ে তিনি ভীত কিনা প্রশ্ন করা করা হলে হোয়াটমোর বলেন, হ্যাঁ, সত্যিই আমি এটা নিয়ে শংকিত।
উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ৭ অক্টোবর মহালিতে শ্রীলংকার সাথে প্রথম ম্যাচ, ১১ অক্টোবর জয়পুরে ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় ম্যাচ ও ১৩ অক্টোবর জয়পুরে জিম্বাবুয়ের সাথে তৃতীয় ম্যাচ খেলবে।
