এক ম্যাচ হাতে রেখেই প্রথম বিভাগ হকি লীগে চ্যাম্পিয়ন ওয়ারী ক্লাব
এক ম্যাচ হাতে রেখেই গ্রিন ডেল্টা ইন্সুরেন্স প্রথম বিভাগ হকি লীগে চ্যাম্পিয়ন হলো ওয়ারী ক্লাব। বৃহস্পতিবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে একমাত্র গোলে ফরাসগঞ্জকে পরাজিত করে তারা। জয় নির্ধারক ওই গোলটি আসে ম্যাচের ৩৪ মিনিটে গৌতম কুমারের পেনাল্টি কর্নার থেকে।
ওয়ারী ক্লাব এই জয়ের পর ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্যাচেলর স্পোর্টিং ক্লাব থেকে ৪ পয়েন্ট এগিয়ে আছে। ব্যাচেলর স্পোর্টিং ক্লাব সমসংখ্যক ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা ঢাকা ওয়ান্ডার্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে। সুপার ফোরের চূড়ান্ত রাউন্ডে ওয়ারী ক্লাব ওয়ান্ডার্স ক্লাবের এবং ব্যাচেলরস স্পোর্টিং ক্লাব ফরাসগঞ্জের মুখোমুখি হবে।
প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ওয়ারী ক্লাব ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের কাছে পরাজিত না হলে প্রথম বিভাগ হকি লীগের শিরোপাটা হয়তো তারা আরও আগেই নিজের বলে দাবি করতে পারতো। তাই এখন তাদের জন্য শুধুই অপেক্ষার পালা।
পুরোন ঢাকার এই দলটি প্রথম রাউন্ডে ব্যাচেলর স্পোর্টিং ক্লাবের কাছে ১-৪ গোলে হেরে সমর্থকদের হতাশায় ডোবালেও অবশেষে তারাই শিরোপাটা অর্জন করলো।
দিনের অপর ম্যচে ব্যাচেলর স্পোর্টিং ক্লাব প্রথমার্ধের ২-১ গোলের ব্যবধান ধরে রেখে ৪-১ গোলে জয় পায় ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের বিপক্ষে। ম্যাচের দ্বিতীয় মিনিটে আযম মিয়ার গোলে ব্যাচেলর স্পোর্টিং ক্লাব ১-০ ব্যবধানে দলকে এগিয়ে গেলেও বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ১৮ মিনিটে আশরাফ উদ্দিনের গোলে সমতায় ফেরে ওয়ান্ডার্স। বিরতির আগেই ইমরান আলীর গোলে ব্যাচেলর স্পোর্টিং ক্লাব ব্যবধানটা বাড়িয়ে নেয়। বিরতির পর ম্যাচের ৪৪ মিনিটে রানা কুমার এই স্কোরকে আরও বাড়িয়ে ৩-১ এ নিয়ে যান। ৫৪ মিনিটে দলের চতুর্থ এবং আযম মিয়ার দ্বিতীয় গোলে নাগালের বাইরে চলে যায় ব্যাচেলর স্পোর্টিং ক্লাব। স্কোরটা তখন হয়ে দাড়ায় ৪-১। ব্যবধান যাই হোক শিরোপার দৌড়ে দ্বিতীয় অবস্থানেই রইলো তারা।
