ডেভিস কাপ টেনিস দেখতে ম্যারাডোনা
আর্জেন্টিনায় অনুষ্ঠানরত ডেভিস কাপ টেনিসের অস্ট্রেলিয়া--আর্জেন্টিনা সেমিফাইনাল দেখতে শুক্রবার উপস্থিত হয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল গুরু ডিয়াগো ম্যারাডোনা।
সাদা--নীল ঐতিহ্যবাহী আর্জেন্টাইন শার্ট ও সানগ্লাস পরা ম্যারাডোনা ভিআইপি বক্সে বসে ম্যাচটি উপভোগ করেন এবং নিজ দেশের পয়েন্ট লাভের সময় তাকে উল্লাস করতে দেখা যায়।
এদিকে অস্ট্রেলিয়ান টেনিস তারকা লিউটন হিউইটের সাথে এক টেলিভিশন সাক্ষাৎকারে মিলিত হন ম্যারাডোনা। সে সময় হিউইটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঠাট্টার ছলে ম্যারাডোনা বলেন, আর্জেন্টিনা একটি সভ্য রাষ্ট্র।
ডেভিস কাপ আসরে অংশ নেওয়ার জন্য ‘টেনিস অস্ট্রেলিয়া’ হিউইটের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। হিউইট বেশ কয়েকবার আর্জেন্টাইন টেনিস খেলোয়াড়ের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার প্রয়োজন হয়ে পরে।
ম্যারাডোনা বলেন, “আমি হিউইটকে বলেছি, আমরা সভ্য রাষ্ট্রে বসবাস করি। তিনি আর্জেন্টিনাকে জানেন না এবং আমি মনে করি এখানে এসে তিনি আশ্চর্য হয়েছেন। হিউইট মনে করতেন, আমরা এখানে বন্যদের মত তীর-ধনুক নিয়ে বসবাস করি। এখন তিনি বুঝতে পেরেছেন, আমরা সকলেই শুধু টেনিস খেলায় জিততে চাই।”
