বিসিবির পুরস্কার ঘোষণা : বর্ষসেরা ক্রিকেটার ও ব্যাটসম্যান নাফিস, বর্ষসেরা অল-রাউন্ডার ও বোলার রফিক
অধিনায়ক হাবিবুল বাশার সুমন আর বোলার আব্দুর রাজ্জাক রাজকে পেছনে ফেলে এ বছর বিসিবির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সহ-অধিনায়ক শাহরিয়ার নাফিস।
বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ‘বাংলাদেশ ক্রিকেট অ্যাওয়ার্ড ২০০৫-০৬’ পুরস্কার ঘোষণা করে বিসিবি।
এই পুরষ্কার প্রদানের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র ২০০৫ সালের মে মাস থেকে এ বছরের আগস্ট পর্যন্ত পারফর্মেন্সকেই বিচার করেছে।
বর্ষসেরা ক্রিকেটার ও ব্যাটসম্যান নাফিসের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় ২০০৫ সালের জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে। এ পর্যন্ত ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। রান পেয়েছেন ৭৮৭। এর মধ্যে একটি শতকসহ পাঁচটি অর্ধশতকও রয়েছে।
২০০৫ সালের সেপ্টেম্বরেই কলম্বোয় শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় নাফিসের। এ পর্যন্ত ছয়টি টেস্টে একটি শতক ও দুটি অর্ধশতকসহ তার সংগ্রহ ৪০২ রান।
ধারাবাহিক ব্যাটিং সাফল্যের প্রতিদান পেয়েছেন শাহরিয়ার নাফিস। এক্ষেত্রে তিনি হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলেন। বাশার তার শেষ ২১টি একদিনের ম্যাচে রান করেছেন ৫০২। সেই সাথে শেষ ৮ টেস্টের ১৬ ইনিংসে তার সংগ্রহ ৫৩৯ রান। মোহাম্মদ আশরাফুল তার শেষ ২৮টি একদিনের ম্যাচে একটি শতক ও পাঁচটি অর্ধশতকসহ ৬৩৬ রান করেছেন। টেস্টে ১৬ ইনিংসে তার সংগ্রহ ৩৩৯ রান।
মনোনীত অপর ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ তার একমাত্র টেস্টে কোনো উইকেট না পেলেও শেষ ১৬ একদিনের ম্যাচে ২৩ উইকেট সংগ্রহ করেছেন।
মোহাম্মদ রফিকও তার প্রাপ্য পেয়েছেন। এবারের বর্ষসেরা অল-রাউন্ডার ও বোলার নির্বাচিত হয়েছেন এই বাঁহাতি স্পিনার। রফিক তার শেষ ২৭টি একদিনের ম্যাচে উইকেট নিয়েছেন ২৯টি। এর মধ্যে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে সেরা পারফর্মেন্স দেখিয়ে ৪৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন এই বোলার। টেস্টেও ভালো পারফর্ম করা রফিক শেষ ৮ টেস্টের ১৬ ইনিংসে ২১ উইকেট দখল করেছেন।
রফিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী মাশরাফি বিন মূর্তজা এবারের জিম্বাবুয়ে সফর বাদ দিলে ভালোই পারফর্মেন্স দেখিয়েছেন। শেষ ২৩টি একদিনের ম্যাচে মাশরাফির শিকার ৩৬ উইকেট। সেরা পারফর্মেন্স ২৬ রানে ৬ উইকেট। তবে টেস্টে উইকেট প্রাপ্তির ক্ষেত্রে মাশরাফির ভাগ্য বেশ খারাপই বলতে হবে। শেষ ৪ টেস্টের আটটি ইনিংসে তার সংগ্রহ মাত্র ৭ উইকেট।
এবারের বর্ষসেরা উদিয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। অপর দুই ক্রিকেটার ফরহাত রেজা এবং মুশফিকুর রহিমকে টপকে সাকিব এই পুরস্কার জিতে নেন।
সেরা তরুণ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দলে প্রথমবারের মতো সুযোগ পাওয়া মেহরাব হোসেন জুনিয়র। এক্ষেত্রে নাজমুস সাদাত এবং নাদিফ চৌধুরিকে পেছনে ফেলেন মেহরাব।
ক্রিকেট আম্পায়ার নাদির শাহ অপর দুই প্রতিদ্বন্দ্বী আখতারুজ্জামান শাহীন এবং জিয়াউল ইসলাম মাসুদকে পেছনে ফেলে এবারের বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন।
দৈনিক নিউ এইজ-এর ক্রীড়া সাংবাদিক আজাদ মজুমদার এবং এনটিভির ক্রীড়া সাংবাদিক খায়রুল আমিন বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে বিবেচিত হয়েছেন। আর বর্ষসেরা ক্রীড়া ফটো সাংবাদিকের পুরস্কার পেয়েছেন জনকণ্ঠের মীর ফরিদ।
