২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির কল্যাণে পরাজয় এড়ালো ভারত

আগের ম্যাচে যে বৃষ্টির অভিশাপে ডাকওয়ার্থ লুইস মেথডে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৯ রানের দুঃখজনক হার মেনে নিতে হয়েছিল ভারতকে। শনিবার সেই বৃষ্টিকেই সাধুবাদ জানিয়েছে তারা। হ্যাঁ, বৃষ্টির কল্যাণেই ডিএলএফ কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেকটা নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 11:10 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিশ্ব চ্যাম্পিয়নদের ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রানের জবাবে ৮ ওভারের মধ্যে মাত্র ৩৫ রানেই ৫টি উইকেট হারিয়ে ফেলে ভারত। বলা যায়, নিশ্চিত জয়ের দিকেই এগোচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু বৃষ্টিতে খেলা পণ্ড হওয়ায় শেষপর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলেছে তারা।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের ইনিংসের সূচনা বেশ ভালোভাবে করলেও শেষপর্যন্ত হরভজন, প্যাটেল আর অজিত আগারকারের নিপুণ বোলিংয়ে ইনিংসের চার বল বাকি থাকতেই ২৪৪ রানে অল আউট হয়ে যায়। ওপেনার শেন ওয়াটসন ৭৪ বলে তার ক্যারিয়ার সেরা ৭৯ রান করেন। এছাড়া মাইকেল ক্লার্ক ৬৪ রান করেন। অন্যান্যদের মধ্যে জ্যাকস ২৫, পন্টিং ১৯, হ্যাডিন ১৮ এবং ব্রেট হগ ১২ রান করেন। ভারতের পক্ষে প্যাটেল ৫৩ রানে তিনটি এবং হরভজন ও আগারকার যথাক্রমে ২৬ ও ৫০ রানের বিনিময়ে ২টি করে উইকেট লাভ করেন।

২৪৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ষষ্ঠ ওভারেই দলীয় ২০ রানে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের উইকেটটি হারায় ভারত। এই ওভারেই ইরফান পাঠান শূণ্য রানে জনসনের দ্বিতীয় শিকারে পরিনত হন। সপ্তম ও অষ্টম ওভারে দলীয় ৩৪ রানে শেবাগ ও তেন্ডুলকার আউট হয়ে গেলে সত্যিকার বিপর্যয়ের মুখে পড়ে ব্যাটসম্যাননির্ভর ভারত। আর অষ্টম ওভারের শেষ বলে যুবরাজ সিং নিজের উইকেটটি খুইয়ে বসলে আট ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৫। জনসন ৪ ওভারে ১১ রানের বিনিময়ে ৪টি মূল্যবান উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনে বিপর্যয় ঘটান।

অষ্টম ওভার শেষ হতেই ভারতের জন্য আশীর্বাদ বয়ে আনে বৃষ্টি। বৃষ্টি থামার কোন লক্ষণ না থাকায় আম্পায়াররা শেষপর্যন্ত খেলাটি পরিত্যাক্ত ঘোষণা  করেন। অনেকটা নিশ্চিত পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসে ভারত।