২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে জায়গা হারিয়ে হতভম্ব বেকহ্যাম

ডেভিড বেকহ্যাম। শুধু ইংল্যান্ডে নয়, আকাশচুম্বি জনপ্রিয়তা পাওয়া সাবেক এই বৃটিশ অধিনায়কের ভক্ত রয়েছে সারা দুনিয়া জুড়েই। হ্যাঁ, সাবেকই বটে! কারণ, ইংল্যান্ডের নতুন দলে এই ফুটবল গ্রেট জন টেরির কাছে অধিনায়কত্ব তো হারিয়েছেনই, সেই সাথে অনেকটা ঢাকঢোল পিটিয়েই তাকে দল থেকে বাদ দিয়েছেন নতুন বৃটিশ কোচ স্টিভ ম্যাকক্লারেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 11:00 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিশ্বকাপে ব্যর্থতার পর ইংল্যান্ড দলে পরিবর্তনের যে ঢল নেমেছে তাতে প্রথমেই যে নামটি রয়েছে সেটি আশ্চর্য হওয়ার মতোই। বাজে পারফরমেন্সের কারণে বাদ যাওয়ার দলে সবশেষে যার নাম উচ্চারিত হবে তিনিই হবেন সেই ব্যক্তি- এমনটাই ভেবে বসেছিলেন বেকহ্যাম। আর সেই তিনিই কিনা আগেভাগেইছিটকে পড়লেন দল থেকে! শুধুমাত্র অধিনায়কত্ব কেড়ে নেওয়ার বিষয়টি ঘটলেও হয়তো মেনে নিতে পারতেন বেকহ্যাম। কিন্তু কোনো পূর্বাভাস ছাড়াই দল থেকে বাদ পড়ে খুবই আশ্চর্য হয়েছেন তিনি।

দল থেকে বাদ পড়ার পর এই একমাস চুপচাপ থাকলেও সম্প্রতি নিজের হতাশার কথা জানিয়েছেন মিডিয়াকে। সেই সাথে নিজের প্রতিজ্ঞার কথাও। জানিয়েছেন যোগ্যতা প্রমাণ করে দলে ফিরে আসার এক দূর্দমনীয় আকাঙ্খায় নিজেকে ইতোমধ্যেই নতুন করে গড়তে শুরু করেছেন তিনি।

ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে একত্রিশ বছর বয়সী বেকহ্যাম বলেন, ‘আমাকে দল থেকে বাদ দেওয়ার পর অনেকেই মনে করছেন যে, বিষয়টি আমি আগে থেকেই আঁচ করতে পেরেছিলাম। কিন্তু সত্যি বলতে কি, স্টিভ আমাকে বাদ দিয়েই ইংল্যান্ড দলের চিন্তা করবেন এটা আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি।  ইংল্যান্ডের হয়ে এক দশক ফুটবল খেলার পর বিষয়টি মেনে নেওয়া খুবই কষ্টের। আমি এ ঘটনায় আশাহত হয়েছি এবং কষ্ট পেয়েছি। তবে আমি ভেঙ্গে পড়িনি। স্টিভ আমার বিপক্ষে একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটিকে আমি মিথ্যা প্রমাণ করতে চাই। আমি আরো দুই-তিন বছর ভালো খেলতে পারবো বলে বিশ্বাস করি। তাই যোগ্যতার প্রমাণ দিয়েই আবারো দেশের মাঠে নামতে চাই।’

তবে স্টিভ কোন বিবেচনায় তাকে দল থেকে বাদ দিয়েছেন সেটা কিছুতেই বুঝে উঠতে পারছেন না বেকহ্যাম। আর সে কারণেই তিনি নিশ্চিত নন যে নিজেকে প্রমাণের পরও স্টিভের দলে ঠাঁই পাবেন কিনা। বেকহ্যাম তাই জানালেন, ‘স্টিভ আমাকে জানিয়েছেন ভালো পারফরমেন্স করে আমি আবারো দলে নিজের জায়গা করে নিতে পারি। আর এর জন্য স্টিভ তার দরজা খোলা রেখেছেন জানালেও বিষয়টি নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ রয়েছে।’  

একজন ফুটবলার হিসাবে বেকহ্যামের অটল ব্যক্তিত্বের কথা কারোরই না জানার কথা নয়। সেই ব্যক্তিত্বের জোরেই বেকহ্যাম বললেন, ‘অনেকে মনে করছেন আমি স্টিভকে বারবার অনুনয়-বিনয় করে দলে জায়গাটা ধরে রাখবার ব্যর্থ প্রয়াস চালিয়েছি। কিন্তু এগুলো সত্য কথা নয়। আমি ভীষণ আশাহত হলেও দলে জায়গা করে নিতে কারো কাছে ধর্ণা দেওয়ার মতো ফুটবলার আমি নই। নিজেকে ছোট করে, তদ্বির আর ধর্ণার মধ্য দিয়ে দলে ঢোকার মধ্যে কোন কৃতিত্ব নেই। নিজেকে আমি ছোটও করতে চাই না। এতোগুলো বছর যেভাবে নিজের যোগ্যতার গুণে দলের অন্যতম ফুটবলার হিসাবে ছিলাম সেভাবেই দলে ফিরে আসবো, কারো পায়ে ধরে নয়।’

ডেইলি মিররকে বেকহ্যাম তার অবসর না নেওয়া সম্পর্কে বলেন, ‘দল থেকে বাদ পড়ার পরও আমি আন্তর্জাতিক অঙ্গণ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করিনি, কেননা আমি ইংল্যান্ডের হয়ে আবারো মাঠে নামতে চাই। দেশের হয়ে এ পর্যন্ত আমি ৯৪টি খেলায় অংশ নিয়েছি। দেশের হয়ে কমপক্ষে ১০০টি খেলায় অংশ নেওয়ার স্বপ্ন আমার অনেক দিনের। সেই স্বপ্নের এতো কাছাকাছি এসে আমি স্বপ্নকে অপূর্ণ রাখতে চাই না। তাছাড়া ইংল্যান্ডকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের জন্যও আমি দলে থাকতে চাই। আর তার জন্য কারো করুণা নয়, নিজ যোগ্যতা প্রমাণ করেই আমি দলে ফিরতে চাই।’

তবে স্টিভ ম্যাকক্লারেনের ইংল্যান্ড দলে বেকহ্যামের ফেরা বেশ অনিশ্চিতই থেকে যাচ্ছে। সেটা বুঝেই বেকহ্যাম বললেন, ‘আমার বলতে ভালো লাগছে যে আমি আবারো দলে ফিরে আসবো এবং ১০০টি, এমনকি আরো বেশি খেলায় দেশের হয়ে খেলবো’।

খানিকটা নিরবতার পর নিজের অনিশ্চিত ভবিষ্যতের দিকে আরেকবার তাকিয়ে ফুটবলের এই মহান শিল্পী ঠাট্টামিশ্রিত কণ্ঠে যোগ করলেন, ‘এই বিষয়ে আমি আপনাদের কাউকে বাজি ধরতে বলছি না’।

বেকহ্যামের ফিরে আসার প্রতিজ্ঞা শুধু তার একার নন। কোটি কোটি বেকহ্যামপ্রেমিও চান তিনি ফিরে আসুন। আরো দুই-তিন বছর মাতিয়ে রাখুন ফুটবলমোদীদের মন।

দেখা যাক, সব উপেক্ষার বাধা পেরিয়ে আবারো মাঠে নামতে পারেন কিনা বেকহ্যাম।