২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকওয়ার্থ লুইস মেথডে জয়ী ওয়েস্ট ইন্ডিজ

ডাকওয়ার্থ লুইস মেথডের কল্যাণে ডিএলএফ কাপে ভারতের বিরুদ্ধে অভাবনীয় জয় পেয়েছে ওয়েস্ট উন্ডিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 10:53 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বৃষ্টির কারণে খেলা পণ্ড হয়ে গেলে আম্পায়াররা ডাকওয়ার্থ লুইস মেথডে খেলার ফলাফল নির্ধারণ করেন। আর এই নিয়মের কারণে কপাল পুড়েছে ভারতের, কপাল পুড়েছে বহুদিন পর মাঠে নেমে সেঞ্চুরি হাঁকানো তেন্ডুলকারের, ২৯ রানের জয় পেয়েছে লারার ওয়েস্ট ইন্ডিজ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত শচীন তেন্ডুলকারের অনবদ্য শতরানের ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে ৩০৯ সংগ্রহ করে। টেন্ডুলকার ১৪৮ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি।

এছাড়া ইরফান পাঠান ৬৪ এবং দ্রাবিড় ২৭ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলার জে টেইলর ৬৪ রানে তিন উইকেট তুলে নেন।

ভারতের এই বিশাল রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকে ভালোই লড়াই চালাতে থাকে। দলীয় ৩২ রানে ওপেনার চন্দরপোল আউট হলেও ক্রিস গেইল এবং রামনরেশ সারওয়ান দলকে ভালো অবস্থানে নিয়ে যান।

১৪তম ওভারে গেইল ব্যক্তিগত ৪৫ রানে আউট হলে অধিনায়ক ব্রায়ান চার্লস লারা মাঠে নামেন।

তবে ২০ ওভারের খেলা শেষ হতেই বৃষ্টি শুরু হয়। সে সময় ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান ২ উইকেটে ১৪১, ক্রিজে লারা (২৭) ও সারওয়ান (৩৭)।

কিন্তু অবিরাম বৃষ্টির কারণে খেলা শুরুর সম্ভাবনা বাতিল হয়ে যায়। আম্পায়াররা ডাকওয়ার্থ লুইস মেথডে ওয়েস্ট উন্ডিজকে ২৯ রানে জয়ী বলে ঘোষণা করেন।