বাফুফেকে ইন্টারনেট সুবিধা দেবে বিডিকম
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী এক বছরের জন্য নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সুবিধা পেতে বিডিকম অনলাইন লিমিটেডের সাথে একবছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বাফুফের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ সাব্বির এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী বিডিকম বাফুফে ভবনসহ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ইন্টারনেট সুবিধা দেবে। তবে এই দুটি স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল খেলার সময়ই ইন্টারনেট সুবিধা দেয়া হবে বলে জানা গেছে।
তবে আনোয়ারুল হক হেলাল জানান, শুধুমাত্র আন্তর্জাতিক খেলাগুলোতে নয়, বাফুফে প্রয়োজন মনে করলে আঞ্চলিক খেলাগুলোতেও বঙ্গবন্ধু এবং এমএ আজিজ স্টেডিয়ামে ইন্টারনেট সুবিধা দেবে।
এই ইন্টারনেট সুবিধার বিনিময়ে বিডিকম বাফুফে আয়োজিত ফুটবল টুর্নামেন্টগুলোতে খেলার মাঠে দুটি বিলবোর্ডের মাধ্যমে নিজেদের বিজ্ঞাপণ প্রচার করতে পারবে এবং বাফুফের সকল সংবাদ সম্মেলনের ব্যানারে তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারবে।
এর আগে এ বছর এপ্রিলে এশিয়ান ফুটবল কনফেডারেশন চ্যালেঞ্জ কাপের সময়ে বিডিকম বাফুফেকে ঢাকা ও চট্টগ্রামের দুটি স্টেডিয়ামে ইন্টারনেট সুবিধা প্রদান করে।
এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাফুফে প্রেসিডেন্ট এস এ সুলতান, বিডিকমের সিস্টেম ম্যানেজার গাজী জিহাদুল কবির এবং মার্কেটিং ম্যানেজার রাকিব আহমেদ উপস্থিত ছিলেন।
