২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেনিন হার্ডিনকে হারিয়ে শারাপোভার ইউএস ওপেন শিরোপা জয়

হলিউড ক্লাসিক ‘মাই ফেয়ার লেডী’ চলচ্চিত্রে যারা অস্কার জয়ী প্রয়াত অভিনেত্রী অড্রে হেপবার্নকে দেখেছেন তারা ইউএস ওপেনের ফাইনালে মারিয়া শারাপোভাকে দেখে চমকে না উঠে পারেননি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

অড্রে হেপবার্নের মতো নিষ্পাপ মুখের এই রুশ তরুণী ইউএস ওপেনের শিরোপা নির্ধারণী লড়াইয়ে নেমেছিলেন ঝিলমিল কালো টেনিসের পোশাকে। আলোর চমকে আকাশের তারারা যেন নেমে এসেছিল শারাপোভার আকর্ষণীয় পোষাকে।

কানে দুটি বড় দুল, গলায় ক্রুশবিদ্ধ যিশুখ্রিস্টের প্রতীক আর চোখেমুখে আত্মবিশ্বাসের øিগ্ধ ঝিলিক নিয়েই মাঠে নেমেছিলেন শারাপোভা। আর ‘মাই ফেয়ার লেডী’তে যে আত্মবিশ্বাসের জোরে একজন সামান্য ফুল বিক্রেতা থেকে একজন মহীয়সী নারীতে পরিণত হয়েছিলেন অড্রে হেপবার্ন যেন সেই আত্মবিশ্বাসের জোরেই শারাপোভা দুই নম্বর বাছাই বেলজিয়ান জাস্টিন হেনিন হার্ডিনকে সরাসরি ৬--৪, ৬--৪ সেটে পরাজিত করে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতে নিলেন।

বিশ্বসেরা দুই এবং তিন নম্বর বাছাইয়ের এই লড়াইয়ে শারাপোভা অবশ্য শুরু থেকে তার স্বরূপে খেলতে ব্যর্থ হন। এসময়ে হেনিন পরপর দুটি গেমে জয়ী হয়ে পরিষ্কারভাবেই এগিয়ে যান। কিন্তু তৃতীয় গেমেই স্বরূপে ফিরে আসেন শারাপোভা। জোরালো ও নিখুঁত সার্ভিস আর দুরন্তগতির ফোরহ্যান্ড শটে হেনিনের প্রাধান্য আর বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে পুরোপুরি প্রাধান্যের সাথে খেলে ৬--৪ গেমে প্রথম সেট জিতে নেন। পরবর্তী সেটেও হেনিনকে প্রতিরোধ গড়ার কোনো সুযোগই দেননি এই রুশ তরুণী। অবিচল এক আত্মবিশ্বাসের সাথে একই ব্যবধানে টানা দ্বিতীয় সেট জয়লাভ করে ইউএস ওপেনের শিরোপা জিতে নেন শারাপোভা। শিরোপা পাবার আনন্দে যে শিশুসুলভ আচরণটা কোর্টের মধ্যে করে ফেললেন তাতে মনেই হতে পারে এটা শারাপোভার প্রথম গ্রান্ডস্ল্যাম। তবে ব্যাপারটি কিন্তু মোটেই তা নয। 

টেনিসের অস্কার কিংবা নোবেল পুরস্কার যাই বলুন ২০০৪ সালের উইম্বলন্ডন শিরোপা জয়ের মধ্য দিয়েই প্রধম গ্রান্ডস্ল্যাম জয় করেন শারাপোভা। হেনিনকে হারিয়েই শারাপোভা তার গর্বিত পিতা উইরির সাথে পুরো স্টেডিয়ামে ঘুরে উল্লাসিত দর্শকদের সাথে শিরোপা জয়ের আনন্দকে ভাগ করে নেন। আর যখন তার হাতে শিরোপা তুলে দেওয়া হয় তখন আনন্দের আতিশয্যে একটা টেনিস বলের মতোই বারবার লাফিয়ে ওঠেন শারাপোভা। এই আতিশয্যে হাতে ধরা শিরোপার ওপরের অংশ পড়ে যায় মাটিতে। তাতেও যেন আনন্দ ধরছিল না এই তরুণীর। শিরোপা নিয়ে শিশুর মতোন লাফাচ্ছিলেন তিনি।

শারপোভার এই জয়ের পেছনে তার প্রতিশোধ স্পৃহা কিন্তু অনেকটাই শক্তি যুগিয়েছে। শিরোপা জিতে নিজেই বললেন, ‘শেষ চারবার হেনিনের মুখোমুখি হয়ে আমি জয় ছিনিয়ে নিতে পারিনি। আজ তাই আমার লক্ষ্যই ছিল, যে কোনো মূল্যে হেনিনকে হারিয়ে জয় ছিনিয়ে আনা। তার জন্য নিজেকে ধরে রেখে খেলেছি এবং অপেক্ষাকৃত ভালো খেলেই শিরোপা জিতেছি’।

তবে হেনিনকে অভিনন্দন জানাতে একদম ভোলেননি শারাপোভা। পরিশ্রমী এই টেনিস তারকার প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘হেনিন অবশ্যই একজন বড় মাপের টেনিস তারকা। এবছরের চারটি গ্রান্ডস্লামেরই ফাইনালে উঠেছেন তিনি। নিশ্চিতভাবেই অদূর ভবিষ্যতে আরো কয়েকটি গ্রান্ডস্ল্যাম জিতবেন’।   

তবে পৃথিবীর দুই নম্বর সেরা বাছাই হেনিন হার্ডিন এবারের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেও ইউএস ওপেনসহ আরো তিনটি গ্রান্ডস্ল্যাম ফাইনালে হার মেনেছেন। শারাপোভার কাছে হারের পর বিমর্ষ হেনিন স্বীকার করে নিলেন ‘অনেক ভালো খেলেই ইউএস ওপেন জয় করেছেন শারাপোভা’।

‘আমার থেকে অনেক অনেক ভালো খেলেছে শারাপোভা। আমাকে প্রতিরোধ গড়ে তোলার তেমন কোনো সুযোগই দেয়নি সে। আমার নিজের ভুলে  আমিই  তাকে আক্রমনাত্মক হয়ে খেলার সুযোগ করে দিয়েছি। জয়ের জন্য যতটা নিবেদিত হয়ে খেলাটা দরকার ছিল ততটা প্রান উজাড় করে আমি খেলতেও পারিনি। তবে বারবারই আমি লড়াইয়ে ফেরার ব্যর্থ চেষ্টা করেছি। কিন্তু শারাপোভা নিজেকে ধরে রেখেই সেরা পারফরমেন্সটা করেছে। নিঃসন্দেহে এই জয় তারই প্রাপ্য। আমি তাকে এই জয়ের জন্য অভিনন্দন জানাই’।