জাতীয় ক্রিকেট লীগের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
বেটার লেট দ্যান নেভার। বিখ্যাত সেই উক্তি আবারো মনে করিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমাপ্তির পাঁচ মাস পর অবশেষে ইস্পাহানি মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ করলো তারা।
বুধবার ঢাকার একটি হোটেলে বিসিবি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী এম ফজলুর রহমান।
বক্তব্য রাখার সময় সম্প্রতি শেষ হওয়া এসএ গেমসের বিষয়ে বলতে গিয়ে ‘কেন একজন অ্যাথলেট ভালো পারফরমেন্স দেখাতে পারছে না’ সে বিশ্লেষণের ধারেকাছেও যাননি মন্ত্রী।
বরং বললেন, নভেম্বর পর্যন্ত ক্রীড়ামন্ত্রী থাকলে কাতারের দোহায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস দলে এসএ গেমসে ব্যর্থ অ্যাথলেটদের তিনি কোনোমতেই জায়গা দিতেন না।
দেশ ছাড়ার আগে বাংলাদেশী অ্যাথলেটদের দিয়ে যাওয়া প্রতিশ্র“তি অনুযায়ী এসএ গেমসে আরও কয়েকটি স্বর্ণপদক জেতা উচিত ছিল বলে মন্ত্রী মন্তব্য করেন।
ক্রীড়ামন্ত্রী অবশ্য স্বীকার করেন, বাংলাদেশ যে তিনটি ইভেন্টে সোনা জিতেছে তার দু’টিতেই জয় ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।
বিসিবির ভাইস প্রেসিডেন্ট শাহ নুরুল কবির শাহীন এমপি জানান, জেলা পর্যায়ে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের খুঁজে পেতে চলতি মাসে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে প্রতিটি জেলায় অন্তত দু’জন করে নতুন মুখ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
বক্তব্য শেষে অতিথিরা একদিন এবং চারদিনের ফার্স্ট ক্লাস ক্রিকেটে এবারের চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের হাতে নগদ তিন লক্ষ টাকা পুরস্কারসহ চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন।
চারদিনের ফার্স্ট ক্লাস ক্রিকেটে রানার-আপ চট্টগ্রামের হাতে নগদ এক লক্ষ টাকা পুরস্কারসহ ট্রফি তুলে দেওয়া হয়।
আর একদিনের ক্রিকেটে রানার-আপ ঢাকাকে দেওয়া হয় ট্রফিসহ নগদ ৫০ হাজার টাকা।
চট্টগ্রামের ক্রিকেটার এহসানুল হক সেজান সপ্তম ক্রিকেট লীগের ১৭ ইনিংসে দু’টি সেঞ্চুরি ও আটটি অর্ধশতকসহ মোট ৯৫৫ রান করে চারদিনের ফার্স্ট ক্লাস ম্যাচ সিরিজের ম্যান অব দি সিরিজ মনোনীত হন।
একদিনের ক্রিকেটে চট্টগ্রামের আরেক প্রতিশ্র“তিশীল ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স ১০ ম্যাচে তিনটি অর্ধশতকসহ ৪২৩ রান করে ম্যান অব দি সিরিজের পুরস্কার পান।
বোলারদের মধ্যে সিলেটের ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত চারদিনের ক্রিকেট সিরিজে সর্বাধিক উইকেট পেয়েছিলেন। ৬২ রানের বিনিময়ে ছয় উইকেটের সেরা পারফরমেন্স দেখানো শান্তর ১৬ ইনিংসে সংগ্রহ ৫৭ উইকেট।
অপরদিকে ঢাকার পেসার মোহাম্মদ শরীফ একদিনের ক্রিকেটের ১০ ইনিংসে সর্বোচ্চ ২৬ উইকেট সংগ্রহ করেন। শরীফের সেরা পারফরমেন্স ২১ রানের বিনিময়ে ৫ উইকেট।
সেরা অল-রাউন্ডারের পুরস্কারে ভূষিত হয়েছেন খুলনার নাজমুস সাদাত।
রাজশাহীর সাফাক আল জাবির জিতেছেন সেরা তরুণ বোলারের পুরস্কার।
সিলেটের গোলাম মাহবুদ শিশির এক ম্যাচে সর্বোচ্চ আটজন ব্যাটসম্যানকে আউট করে এবারের সেরা উইকেট কিপারের পুরস্কারে ভূষিত হন।
পুরস্কার হিসেবে এদের সবার হাতে ট্রফিসহ নগদ দশ হাজার টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিসিবি’র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, স্পন্সর মির্জাপুর চা কোম্পানির চেয়ারম্যান বেহরুজ ইস্পাহানি, লীগের সমন্বয়ক আলী হোসেন, জাতীয় দলের কোচ ডেভ হোয়াটমোর ও কয়েকজন বিশিষ্ট কোচসহ জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন।
