২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং কোচ নিয়োগের সিদ্ধান্তে নাখোশ ডেভ

ভরপুর আত্মবিশ্বাস নিয়েই জিম্বাবুয়ে সফর শুরু করেছিলো বাংলাদেশ ক্রিকেট দল। দেশের বাইরে প্রথম সিরিজ জয়ের স্বপ্ন ছিল সকল ক্রিকেটারের চোখে মুখে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 10:39 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

কিন্তু অপেক্ষাকৃত অনভিজ্ঞ তরুণদের নিয়ে গঠিত দলটির কাছে নাস্তানাবুদ হওয়ার পর সেই সফর দুঃস্বপ্নে পরিণত হয়।

টাইগাররা অবশ্য বিদেশের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ করেই দেশে ফিরেছে। এখনো টেস্ট মর্যাদা না পাওয়া কেনিয়াকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা।

এই সাফারি সফরে একটা বিষয় আবারো খুবই স্পষ্ট হয়ে গেছে। সেটা হলো টপ অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা।

জিম্বাবুয়ের কাছে হারের বড় একটি কারণ মাশরাফি হলেও বোদ্ধাদের চোখে টপ অর্ডারের ব্যর্থতাই বাংলাদেশকে বারবার পরাজয়ের মুখে ঠেলে দিচ্ছে।

এই সমস্যা এড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের জন্য নতুন করে একজন ব্যাটিং কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাটিং কোচ নিয়োগের সিদ্ধান্তের পিছনে অবশ্য কেনিয়াজয়ী অধিনায়ক খালেদ মাসুদ ও দলীয় ম্যানেজার শফিউল হক হীরার কিছুটা হলেও অবদান আছে। এই দুজনকে বিসিবি ২৩ আগস্ট জেরা করেছিলো। সেই সময় এরা দুজনই দলের জন্য একজন ব্যাটিং কোচ নিয়োগের প্রয়োজনীয়তা কথা উল্লেখ করেন।

আর এই সিদ্ধান্তে একটু হলেও আঁতে ঘা লেগেছে কোচ ডেভ হোয়াটমোরের। মিরপুর ক্রিকেট কমপ্লেক্সে মঙ্গলবারের নেট প্র্যাকটিস শেষে ডেভ তার সেই ক্ষোভ আর চেপে রাখতে পারেননি।

খেলার মাঠে একজন ব্যাটিং কোচের ক্ষমতা কতটুকু তা স্পষ্টই বুঝিয়ে দিলেন হোয়াটমোর, ক্রিকেটাররা খেলার মাঠে নিজেরা সঠিক টেকনিকে না খেলতে পারলে এবং সিদ্ধান্ত না নিতে শিখলে একজন ব্যাটিং কোচ তাকে মুখে তুলে খাওয়ানোর মতো, মাঠে নেমে তার হয়ে খেলে দিতে পারেন না।

ডেভ আরো বলেন,আমাদের ক্রিকেটারদের খেলার টেকনিক অনেকটা ভালো হলেও মাঠে তারা শট নির্বাচন করতে পারেন না। ক্রিজে শট নির্বাচনের ক্ষেত্রে তাদের উন্নতি ঘটাতে হবে। আর এই উন্নতি মূলত একজন কোচ দিয়ে নয়, বরং একজন ক্রিকেটারের নিজ থেকেই ঘটাতে হয়’।

ডেভ অবশ্য নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন ব্যাপারটা। তিনি জানান, শ্রীলংকার কোচ হিসেবে তিনি যখন দায়িত্ব পালন করেছেন তখন ক্রিকেট জগতের অতি পরিচিত ব্যারি রিচার্ড ছিলেন লংকান ব্যাটিং কোচ। তার তত্ত্বাবধানে লংকান ক্রিকেটাররা অনেক ভালো কিছু শিখলেও আসল বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন।

পৃথিবীর যে কোনো সেরা কোচকেই আপনি দলের কোচ করতে পারেন। কিন্তু প্রকৃত বিষয়টি হলো একজন ক্রিকেটার তার নিজ গুণে মাঠের মধ্যে সঠিক সিদ্ধান্তটি নিতে পারছেন কিনা?

ডেভ বলেন, একজন ব্যাটসম্যানকে প্রতিটি বল অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় এবং সে অনুযায়ী তার শট নির্বাচন করতে হয়। এ বিষয়ে ব্যাটসম্যান যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তবেই তিনি বেশি সময় ধরে ক্রিজে টিকে থাকবেন এবং স্বাভাবিকভাবেই বেশি রান পাবেন।

এর সাথে ফিটনেসেরও গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে মনে করেন ডেভ। শাররিক ও মানসিকভাবে ফিট ব্যাটসম্যান সঠিক সিদ্ধান্ত নিলে তাকে আউট করাটা যে কোনো বোলারের জন্যই কঠিন হয়ে পড়বে। মোদ্দা কথা হলো, খেলা চলাকালীন সময়ে এয়ার কন্ডিশন্ড রুমে বসে ব্যাটিং কোচ কিছুই করতে পারেন না, যা করতে হয় তা করতে হবে ক্রিজে থাকা ব্যাটসম্যানদেরই।

ডেভ বাংলাদেশের জন্য ব্যাটিং কোচের বিষয়টি ইতিবাচক মনে করলেও আরো বলেন, ক্রিকেটাররা কোচের কাছ থেকে টেকনিক সম্পর্কে অল্পবিস্তর শিখতে পারবেন। তবে শেষপর্যন্ত এদেশে যা হয় ব্যাটিং কোচরা বাংলাদেশের বাজে টেকনিকে খেলার বরাবরের অভ্যাসকেই দুষবে।

এতো কিছুর পর বাংলাদেশের বিশ্বকাপ মিশন সম্পর্কে জিজ্ঞেস করা হলে ডেভ অন্যান্য দেশের কোচদের মতো না করে নিজের ধারাতেই উত্তরটা দিলেন।

তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো চিন্তাই করছি না। বাংলাদেশকে যে শুধু বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য এই আট মাস ভালো ক্রিকেট খেলতে হবে তা নয়, আরো বেশি সময়ের জন্য চিন্তা করতে হবে। বিশ্বকাপে বাংলাদেশকে ভালো খেলতে হবে এবং বিশ্বকাপের পর ২০০৭ সাল, ২০০৮ সাল, ২০০৯ সাল এবং সবসময়ের জন্যই বাংলাদেশকে ভালো খেলতে হবে।