ক্রিকেটারদের আবারো জিজ্ঞাসাবাদ করবে বিসিবি
জিম্বাবুয়ের কাছে নাকানি চুবানি খেলেও মাশরাফির বদৌলতে কেনিয়াকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের এ পারফরমেন্স নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশ খুশিই।
সদ্য ফেরা কোচ ডেভ হোয়াটমোর, ম্যানেজার শফিকুল হক হীরা ও অধিনায়ক খালেদ মাসুদকে মঙ্গলবার ডেকেছে বিসিবি।
সাদা চোখে এ নিয়ে আপত্তির কোনও কারণ নেই। মুস্কিল হলো এদেরকে বিসিবি ডেকেছে জিজ্ঞাসাবাদের জন্য।
জিজ্ঞাসাবাদের বিষয়, জিম্বাবুয়ে ও কেনিয়া সফরে মাঠ ও মাঠের বাইরের বেশ কিছুু ঘটনা। দলকে এবারই প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে বিসিবি’র পারফরমেন্স মূল্যায়ন কমিটি।
জিম্বাবুয়ে সফরকালীন তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়ের পর টিম মিটিংয়ে ক্রিকেটারদের প্রতি ডেভ হোয়াটমোরের অসৌজন্যমূলক ও অশোভন উক্তি এবং আচরনের অভিযোগের ভিত্তিতে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিসিবির সপ্তম বোর্ড মিটিংয়ে নবগঠিত এই মূল্যায়ন কমিটির সদস্য বিসিবির ভাইস প্রেসিডেন্ট শাহ নুরুল হক শাহীন, সাধারণ সম্পাদক মাহবুব আনাম, সদস্যবৃন্দ শামীম কবির, জামিলুদ্দিন খন্দকার এবং এএস শামীম মঙ্গলবার সকল ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ শেষে বিসিবি প্রেসিডেন্টের কাছে তাদের প্রতিবেদন পেশ করবেন।
এর আগে ২৩ আগস্ট বিসিবির ওয়ার্কিং কমিটির জিজ্ঞাসাবাদে দলের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও ভাষা ব্যবহার করার বিষয়টি হোয়াটমোর উড়িয়ে দেন। তিনি বলেন, ‘জিম্বাবুয়ে ও কেনিয়া সফরে মাঠে এবং মাঠের বাইরে দলীয় ‘স্পিরিট’ বেশ ভালো ছিল।’
