২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্ব বাস্কেটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে গ্রীস

বিশ্ব বাস্কেটবল চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে এনবিএ’র খেলোয়াড়বিহীন গ্রীস অপ্রতিরোধ্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১০১--৯৫ পয়েন্টের জয় নিয়ে ফাইনালে উঠে চমক সৃস্টি করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

গ্রীসের গার্ড ভ্যাসিলিস স্প্যানুলিস ২২ পয়েন্ট স্কোর করে দলের এই অবিশ্বাস্য জয়ের নায়কে পরিণত হন। যুক্তরাষ্ট্রের কারমেলো অ্যান্থনি ও ডুয়েইন ওয়েড যথাক্রমে ২৭ ও ১৯ পয়েন্ট স্কোর করলেও শেষপর্যন্ত পরাজয় এড়াতে পারেননি।

অথচ খেলা শেষের কিছু আগেও যুক্তরাষ্ট্র ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। এসময় গ্রীস যুক্তরাষ্ট্রকে কোনো পয়েন্ট স্কোর করতে না দিয়ে একটানা ১৪ পয়েন্ট স্কোর করে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ৬ পয়েন্ট এগিয়ে থেকেই জয় ছিনিয়ে নেয় তারা।

অবিস্মরনীয় এই জয়ের আনন্দে গ্রীক কোচ প্যানাজিওটিস ইয়ানাকিস উচ্ছাস প্রকাশ করে বলেন, ’আমি মনে করি আমাদের ছেলেরা অবিশ্বাস্য একটি কাজ করে ফেলেছে। এই বিজয় আমাদের প্রাপ্য ছিল। কেননা জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং এক মুহূর্তের জন্যও আমরা খেলা থেকে মনোযোগ হারাইনি’।

যুক্তরাষ্ট্রের কোচ মাইক দলের এই হারকে সহজভাবে না নিতে পারলেও গ্রীসের প্রশংসা করে বলেন, ‘ আসলেই গ্রীস অপ্রতিরোধ্য খেলে আমাদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে গেছে। গ্রীসের তুখোড় টিমওয়ার্ক এবং আত্মবিশ্বাসী হয়ে খেলার জন্য এই জয় তাদেরই প্রাপ্য’।

এই জয়ের আনন্দে সমগ্র গ্রীসেই আনন্দের বন্যা বয়ে গেছে। নীল-সাদা জাতীয় পতাকা দুলিয়ে, গাড়ির হর্ন বাজিয়ে আনন্দিত গ্রীসবাসী এই জয়কে বরন করে নেয় এবং গ্রীস দলকে অভিনন্দন জানায়।

এদিকে স্পেন এবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে উত্তেজণাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে ৭৫--৭৪ পয়েন্টের জয় তুলে নেয়। ফলে বিশ্ব বাস্কেটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে শিরোপার লড়াইয়ে গ্রীস ও স্পেন মুখোমুখি হতে যাচ্ছে।