জাতীয় দলের ফুটবলারেরা প্রশিক্ষণ ক্যাম্প বয়কট করেছে
কাতারের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর এশিয়ার কাপ কোয়ালিফাইং ম্যাচের ঠিক আগমুহূর্তে পেশাদার ফুটবল লীগের দলবদলের বিষয়টি নিশ্চিত করার দাবী জানিয়ে বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা শনিবার প্রশিক্ষণ শিবির বয়কট করেছে।
সোমবার বাংলাদেশ ফুটবল দলের কাতারের উদ্দেশ্যে রওনা হবার কথা থাকলেও শনিবার প্রশিক্ষণ শিবিরের কোনো ফুটবলারই প্র্যাকটিসে যোগ দেননি।
এদিকে ৩০ আগস্ট দলবদলের নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) লীগের ১২টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে দলবদলের বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি।
বাফুফে’র সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ‘শনিবার রাতে জাতীয় দলের সিনিয়র তিন ফুটবলার আলফাজ আহমেদ, মাইফুল ইসলাম মনি এবং আমিনুল ইসলামের সঙ্গে আলোচনা করে তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে তাদের প্রাকটিসে ফিরে যাওয়া উচিত। ফুটবলাররা শেষপর্যন্ত রবিবার পুনরায় প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে রাজী হয়েছে’।
হেলাল আরো জানান, দলবদলের বিষয়ে একটি ইতিবাচক ও গঠনমূলক সিদ্ধান্ত নেওয়ার জন্য ৫ সেপ্টেম্বর বাফুফে’র নির্বাহী কমিটি মিটিংয়ের আয়োজন করেছে।
তবে জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে তিনি রোববার সকালে আবারো আলোচনায় বসবেন বলে হেলাল জানান।
