ফুটবল ক্লাব প্রতিনিধিদের সাথে আবারো আলোচনায় বসতে যাচ্ছে বাফুফে
পেশাদার ফুটবল লীগ অনুষ্ঠানের স্বার্থে এবং আন্তঃক্লাব ফুটবলার দলবদলের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বারোটি ফুটবল ক্লাবের সাথে সমঝোতায় আসতে বূুধবার দ্বিতীয়বারের মতো আলোচনায় বসতে যাচ্ছে।
রোববার পেশাদার ফুটবল কমিটি তাদের সভার মধ্য দিয়ে বিষয়টির একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করলেও শেষপর্যন্ত ব্যর্থ হয়ে বিষয়টি বাফুফের নির্বাহী কমিটির কাছে পেশ করেছে।
পেশাদার ফুটবল লীগ কমিটি তাদের মিটিংয়ে দলবদলের জন্য নির্ধারিত পহেলা সেপ্টেম্বরের পরিবর্তে আরো ১৮ দিন পিছিয়ে দেবার বিষয়ে প্রস্তাব করে বিষয়টি বাফুফের নির্বাহী কমিটির কাছে পেশ করেছে বলে মিটিং সূত্রে জানা যায়।
সভায় এবারের ফুটবল লীগ নির্ধারিত সময়েই শুরু করার বিষয়ে ক্লাবগুলোকে আশ্বস্ত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ লীগ অনুষ্ঠানের জন্য অক্টোবরের ১৫ তারিখের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাফুফের কাছে হস্তান্তর করবে বলে কর্মকর্তারা জানান। তবে লীগ অনুষ্ঠানের বিষয়ে বাফুফের নির্বাহী কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।
এদিকে ক্লাবের প্রতিনিধিরা তাদের দাবী আদায়ে অটল থাকায় বাফুফের সাথে কোনোরকম সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
এবারের লীগের বারোটি ক্লাবের সমন্বয়ক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের যুগ্মসচিব মোস্তাকুর রহমান জানান, ২২ আগস্টের সভায় আমরা বাফুফের কাছে যে দুই দফা দাবী পেশ করেছি তা আদায়ে আমরা এখনো অটল রয়েছে এবং আদায় না হওয়া পর্যন্ত অটল থাকবো।
প্র্রতিনিধি দল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্রাক বসানোর কাজ শেষে স্টেডিয়াম বাফুফের হস্তগত হবার পর দলবদলের জন্য একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জনৗ বাফুফের প্রতি আহবান জানান।
এর আগে প্রতিনিধিরা দলবদলের জন্য এই শর্তে রাজী হয় যে, বাফুফে নির্ধারিত ৭ নভেম্বরে লীগ শুরু করতে ব্যর্থ হলে প্রত্যেক দলকে প্রতিদিন কুড়ি হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
