আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য শাহরিয়ার নাফিসকে সহ - অধিনায়ক করলো বিসিবি
অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাঁ - হাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসকে সহ - অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার ঢাকা ক্লাবে বিসিবির নির্বাহী কমিটির এক সভায় নাফিসকে সহ- অধিনায়ক করার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ছয় ঘন্টাব্যাপী এই সভাশেষে বিসিবির সাধারণ সম্পাদক মাহবুব আনাম জানান, বাংলাদেশ ক্রিকেটর ক্রমোন্নতির কথা বিবেচনা করেই নাফিসকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য সহ অধিনায়ক করা হয়েছে।
মাহবুব জানান, তাদের এই সিদ্ধান্তকে তারা সঠিক বলে মনে করছেন কেননা নাফিস ইতোপূর্বে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিনিধিত্ব করেছেন এবং অধিনায়কত্বের ওপর নাফিসের বিশেষ কোর্স করা আছে।
এর আগে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রত্যাশিতভাবেই হাবিবুল বাশার সুমনকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।
আহত বাশারের সুস্থতার বিষয়ে আশা প্রকাশ করে মাহবুব বলেন, মঙ্গলবার হাবিবুলের ক্যাম্পে যোগ দেবার কথা রয়েছে এবং চিকিৎসকের ধারণা অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যেই তিনি ব্যাটিং প্রাকটিস করতে পারবেন।
মাহবুব আরো জানান, বাংলাদেশেল খেলা সম্প্রচারের জন্য টিভি স্বত্ত্ব বিক্রয়ের বিষয়টি ঠিক করার জন্য বিসিবি প্রেসিডেন্টের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে।
এই টিভি স্বত্ত্বের বিষয়ে মাহবুব তেমন কিছু না বললেও এতটুকু জানান যে, এবারের স্বত্ত্ব বিক্রয়ের ক্ষেত্রে সকলপ্রকার দুর্নীতি এড়াতেই প্রকাশ্য টেন্ডারের মাধ্যমে আগামী দুমাসের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করা হবে এবং জিম্বাবুয়ের আসন্ন বাংলাদেশ সফরকালীন ৫টি একদিনের ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে।
বাংলাদেশ আগামী ছয়টি ক্রিকেট মৌসুমে দেশের মাটিতে ২৩ টি টেস্ট এবং ৬১ টি একদিনের ম্যাচে অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশ তিনটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। এই তিনটি সিরিজের মধ্যে দুটিতে ভারতের অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সভায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি ‘পারফরমেন্স পর্যবেক্ষণ কমিটি’ ঘোষণা করা হয়েছে। এই কমিটি দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের খেলা পর্যবেক্ষণ করে ক্রিকেটারদের পারফরমেন্সের উপর বিসিবির কাছে প্রতিবেদন পেশ করবে। এ ছাড়া প্রতিটি সিরিজের পর দলীয় কোচ, ম্যানেজার এবং অধিনায়কের কাছ থেকে প্রতিবেদন নিয়ে বিসিবির কাছে জমা দেওয়ার দায়িত্বও এই নতুন কমিটিকে দেওয়া হয়েছে।
অক্টোবরের ৩ তারিখে বিসিবির বার্ষিক সাধারণ সভার ঘোষণা দিয়ে মাহবুব বলেন, বিসিবির পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর জাতীয় দলের ক্রিকেটারদের পুরস্কৃত করা হবে এবং এসময়ে দেশের হয়ে ১০০ টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের জন্য মোহাম্মদ রফিক এবং খালেদ মাসুদ পাইলটকে সংবর্ধনা দেওয়া হবে।
এ ছাড়া এই সভায় দেশে উন্নতমানের ক্রিকেট পীচ তৈরীর স্বার্থে প্রথমবারের মতো পীচ কিউরেটর এবং গ্রাউন্ডসমেনদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
