অলিম্পিকে একসঙ্গে দল পাঠানোর বিষয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়া আবারো আলোচনায় বসবে
দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটির প্রধান কিম জাং কিল জানিয়েছেন, ২০০৮ সালে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠেয় অলিম্পিকে অংশগ্রহণের জন্য দুদেশের একটি সম্মিলিত দল পাঠানোর বিষয়ে আলোচনার জন্য তিনি সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়ার অলিম্পিক কমিটির প্রধানের সাথে সাক্ষাৎ করবেন।
কিম জাং কিল জানান, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জ্যাক রুগ-এর আমন্ত্রণে তিনি ৫ সেপ্টেম্বর সুইজারল্যান্ডে উত্তর কোরিয়ার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট মান জেই ডক - এর সাথে আলোচনায় বসতে যাচ্ছেন।
অলিম্পিকে একটি সম্মিলিত দল পাঠানোর জন্য দুই কোরিয়া ইতিপূর্বে দুইবার আলোচনায় বসেছে। এবছর জুলাই মাসে তৃতীয়বারের মতো আলোচনার কথা থাকলেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সৃষ্ট মতানৈক্যের পর আলোচনা পিছিয়ে যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে অন্তর্দ্বন্দ্বের কারণে দুই কোরিয়া বিভক্ত হয়ে পড়ে। দক্ষিণ কোরিয়া হয় পুঁজিতান্ত্রিক রাষ্ট্র আর উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত লাভ করে। এর মাত্র দুই বছর পর ১৯৫০ সালে দুই কোরিয়া প্রায় চার বছর স্থায়ী এক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। বিগত পাঁচ দশক ধরেই এই দুই কোরিয়া নীতিগতভাবে যুদ্ধে লিপ্ত রয়েছে। তবে ২০০০ সালে শান্তি আলোচনার পর থেকে দুই কোরিয়া বেশ কয়েকটি ইস্যুতে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও এখনো পর্যন্ত তারা অলিম্পিকে পৃথক দেশ হিসেবেই দল পাঠিয়ে আসছে। তবে উত্তর এবং দক্ষিণ কোরিয়া তাদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রমাণ করতে ২০০০ সালে সিডনী অলিম্পিক এবং ২০০৪ সালে এথেন্স অলিম্পিকের উদ্বোধনী এবং সমাপনী মার্চে একসাথেই অংশ নেয়।
