বার্সেলোনার মিডফিল্ডার মার্ক বুমেলকে দলে ভেড়ালো বায়ার্ন মিউনিখ
বুন্দেশ লীগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ব্রিটিশ ফুটবলার ওয়েন হারগ্রিভসকে দলে ভেড়াতে কী লঙ্কাকান্ডই না করলো ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথমে হারগ্রিভসকে পেতে ম্যান ইউ বায়ার্নকে ২ কোটি ৫০ লাখ ইউরো (প্রায় ২১০ কোটি টাকা) পর্যন্ত দেওয়ার প্রস্তাব করে। বায়ার্ন সেই প্রস্তাব ফিরিয়ে দিলেও ম্যান ইউ তাদের সাথে কয়েক দফা আলোচনার চেষ্টা চালায়। তাদের অত্যাচারে অতীষ্ঠ বায়ার্ন মিউনিখ ম্যান ইউকে স্পষ্ট করেই জানিয়ে দেয় যে, এ বিষয়ে বেশী বাড়াবাড়ি করলে তারা আন্তর্জাতিক ফুটবল পরিচালনা পর্ষদের (ফিফা) কাছে নালিশ জানাবে। তাই শেষপর্যন্ত হারগ্রিভসকে পাওয়ার আশা ছেড়েই দেয় ম্যান ইউ। অথচ মজার ব্যাপার! এরই মধ্যে বার্সেলোনার মিডফিল্ডার মার্ক ভ্যান বুমেলকে ঠিকই নিজ দলে ভিড়িয়ে নিতে সক্ষম হয়েছে বায়ার্ন মিউনিখ।
নেদারল্যান্ডের মিডফিল্ডার বুমেল তিন বছরের জন্য বায়ার্নের সাথে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন। নিজ দেশের হয়ে ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বুমেল আগামী সপ্তাহেই বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে বুমেলের বায়ার্নে যোগ দেওয়ার খবরে ম্যানচেস্টার ইউনাইটেড হারগ্রিভসকে পাওয়ার ব্যাপারে নিভে যাওয়া আশার প্রদীপ আবার জ্বলে ওঠে। ম্যান ইউ মনে করেছিল বুমেলের মতো একজন মিডফিল্ডারকে দলে ভেড়ানোর অর্থ হলো বায়ার্ন হারগ্রিভসকে তাদের হাতে তুলে দিতে তাদের ২ কেটি ৫০ লক্ষ ইউরোর প্রস্তাবে সাড়া দিতে যাচ্ছে। কিন্তু সে আশাও গুঁড়ে বালি হয়ে গেছে। বায়ার্নের ম্যানেজার ইউলি হোয়েনেস বেশ কৌতুক করেই ম্যান ইউকে জানিয়ে দিয়েছেন ‘এই বিষয়ে যে কোনো ফুটবল ভক্তই তার বাড়িটি পর্যন্ত নির্দ্বিধায় বাজি রাখতে পারেন যে, হারগ্রিভস বায়ার্ন ছেড়ে কোথাও যাচ্ছেন না। ম্যান ইউকে হারিগ্রভস ছাড়াই খেলতে হবে’।
হারগ্রিভস কিন্তু নিজেও তার দেশের মাটিতে খেলার জন্য চেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে। কিন্তু নিজের ফাঁদে নিজেই আটকা পড়ে গেলেন এই তরুণ তারকা ফুটবলার। কিছুদিন আগেই তিনি বায়ার্ন মিউনিখের সাথে ২০১০ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছরের একটি চুক্তি করে ফেলেছেন। তার ম্যান ইউ এর হয়ে দেশের মাটিতে খেলতে চাওয়ার পেছনে অবশ্য বড় একটি উদ্দেশ্য ছিল। আর তাহলো জাতীয় দলে নিজের স্থান পাকা করে নিতে ইংল্যান্ডের নতুন কোচ স্টিভ ম্যাকক্লারেনের নজর কাড়া। কিন্তু কপালটাই খারাপ হারগ্রিভসের। ২০১০ সালের আগে বোধ হয় বায়ার্ন মিউনিখ ছাড়া হচ্ছে না তার। কি আর করা! পড়েছো জার্মানের হাতে, ফুটবল খেলতে হবে জার্মানির মাঠেই।
