পহেলা অক্টোবর থেকে কর্পোরেট ক্রিকেট লীগ শুরু হতে যাচ্ছে
বারোটি কর্পোরেট দলের অংশগ্রহণে ১ অক্টোবর এবারের কর্পোরেট ক্রিকেট লীগ শুরু হতে যাচ্ছে।
এই লীগে অংশগ্রহণের জন্য ক্রিকেটারদের ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রেজিষ্ট্রেশনের দিন নির্ধারণ করা হয়েছে। তবে কর্পোরেট দল হিসেবে লীগে অংশগ্রহণের জন্য ৭ সেপ্টেম্বর পর্যন্ত এন্ট্রি তারিখ রাখা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাইস প্রেসিডেন্ট শাহ নুরুল হক শাহীনের সভাপতিত্বে বিসিবির টুর্নামেন্ট কমিটি বুধবার এই সিদ্ধান্ত গ্রহণ করে।
টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক আলী হোসেন জানান, এই সভায় কর্পোরেট লীগের জন্য প্রাথমিকভাবে তিনটি ভেন্যু ঠিক করা হয়েছে। ভেন্যু তিনটি হলো, নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকার ধানমন্ডি ক্রিকেট মাঠ এবং মিরপুরের নির্মাণাধীন শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।
আলী হোসেন আরো বলেন, সভায় প্রতিদিন ছয়টি করে খেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে তৃতীয় কর্পোরেট লীগের মতো ঢাকার বাইরে খুলনা, বগুড়া এবং চট্রগ্রাম স্টেডিয়ামে খেলা হতে পারে বলে তিনি জানান।
এবারের কর্পোরেট লীগে নতুন কয়েকটি দল অংশগ্রহণের বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে। এদের মধ্যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) অন্যতম বলে টুর্নামেন্টের সমন্বয়ক জানান।
এদিকে সভায় ১ নভেম্বর থেকে দেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেট হিসেবে পরিচিত ন্যাশনাল লীগ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবারের ন্যাশনাল লীগে চারদিন এবং একদিনের ম্যাচগুলো একসাথে না খেলিয়ে আলাদাভাবে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
