২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেয়ারকে পাকিস্তানের পরবর্তী খেলাগুলো থেকে দূরে রাখার চেষ্টা চালিয়ে যাবে পিসিবি

ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিতব্য একদিনের ক্রিকেট সিরিজে অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ারকে নিয়োগ না দেয়ার দাবী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রত্যাখ্যান করার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই মিনি হিটলারকে পাকিস্তানের ভবিষ্যত খেলাগুলো থেকে দূরে রাখার বিষয়ে চেষ্টা করে যাবে বলে জানিয়েছেন পিসিবি প্রধান শাহরিয়ার খান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ওভালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের শেষ টেস্টে আম্পায়ার ড্যারেল হেয়ার এবং বিলি ডকট্রোভ পাকিস্তানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনে জরিমানাস্বরূপ ইংল্যান্ডকে ৫ রান বোনাস হিসেবে দেন। পরবর্তীতে পাকিস্তান দল এর প্রতিবাদে খেলায় অংশ না নেবার সিদ্ধান্ত নিলে ড্যারেল এবং ডকট্রোভ ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করেন। তবে পাকিস্তান পুরো বিষয়টির জন্য ডকট্রোভের চেয়ে ড্যারেলকেই অনেক বেশী দায়ী মনে করছে।

এদিকে পাকিস্তান শেষপর্যন্ত একদিনের সিরিজে অংশ নিতে রাজী হলেও শাহরিয়ার খান বলেছেন, ড্যারেল হেয়ারকে পাকিস্তানের পরবর্তী ম্যাচগুলো থেকে দূরে রাখার চেষ্টা এখনই শেষ হয়ে যায়নি। আইসিসিকে এ বিষয়ে একটি চিঠিতে শাহরিয়ার পাকিস্তানের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিলেও তিনি বলেছেন যে, একটি আন্তর্জাতিক খেলার আম্পায়ার কে হবেন এটা সিদ্ধান্ত নেবার ক্ষমতা একমাত্র আইসিসির হাতে রয়েছে।

তবে হেয়ারকে দূরে রাখার বিষয়ে শ্রীলংকার উদাহরণ টেনে শাহরিয়ার বলেন, ‘ ১৯৯৫ সালে লংকান স্পিনার মুরলিধরনের বিরুদ্ধে হেয়ার তার স্বভাবোচিত অন্যায় আচরণ করার পর তাকে শ্রীলংকার খেলা পরিচালনা থেকে এক বছরের জন্য সরিয়ে নেওয়া হয়। আমরা সেক্ষেত্রে আরো বেশী সময়ের জন্য হেয়ারকে পাকিস্তানের খেলা থেকে দূরে সরিয়ে রাখার জন্য আইসিসির কাছে আবেদন করবো’।