২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি কোনো ভুল সিদ্ধান্ত নেইনি: ইনজামাম, হেয়ারের প্রশংসায় পঞ্চমুখ তার দেশ

পাকিস্তান ও ইংল্যান্ডের শেষ টেস্ট নিয়ে যে লঙ্কাকান্ড বাঁধিয়েছেন অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ার তাতে পাকিস্তানসহ পুরো ক্রিকেট দুনিয়ায় হৈচৈ পড়ে গেছে। ঘুম হারাম হয়ে গেছে পাকিস্তানের সকল ক্রিকেটারের আর ক্রিকেট বিশেষজ্ঞদের।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 06:07 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ঘটনার গুরুত্ব এতই যে পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ থেকে শুরু করে পাক ক্রিকেট কিংবদন্তী ইমরান খান পর্যন্ত এ ঘটনায় নড়ে চড়ে বসেছেন। তারা পাক অধিনায়ক ইনজামাম উল হককে তার নীতিতে অটল থাকার জন্য সমর্থনও জানিয়েছেন।

বল টেম্পারিংয়ের অভিযোগকে অস্বীকার করে টেস্ট সম্পূর্ণ না করার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তাতে আন্তর্জাতিক ক্রিকেট কিছুটা কলঙ্কিত হলেও এর জন্য মোটেই অনুতপ্ত নন ইনজামাম। তার চোখের ঘুম কেড়ে নিতে পারেনি ড্যারেল হেয়ার ও বিলি ডকট্রোভ। এতকিছুর পরও রোববার রাতে বেশ জম্পেশ ঘুমই দিয়েছেন ইনজি।

লন্ডনের ডেইলি এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনজি জানান, রোববার রাতে তার ঘুমে কোনো ব্যঘাত ঘটেনি কেননা ইংল্যান্ডের বিরুদ্ধে না খেলার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা মোটেও ভুল সিদ্ধান্ত ছিল না।

ওভালে শেষ টেস্টে পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের যে কঠোর অভিযোগ এনেছেন আম্পায়ার ড্যারেল হেয়ার এবং বিডিল ডকট্রোভ তারই পরিপ্রেক্ষিতে খেলার চা বিরতির সময় পাক অধিনায়ক পুনরায় মাঠে না নামার সিদ্ধান্ত নেন। এর ফলে আম্পায়ারদ্বয় এবং ম্যাচ রেফারি মাইক প্রোক্টর টেস্টের নিয়মানুযায়ী ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করেন। এই ঘটনা বিশ্ব ক্রিকেটের টেস্ট ইতিহাসে প্রথম।

৩৬ বছর বয়সী ইনজি পাকিস্তানী বোলারদের বল টেম্পারিংয়ের অভিযোগে আইসিসির ডিসিপ্লিনারি বোর্ডের সামনে শুক্রবার হাজির হতে যাচ্ছেন। ক্রিকেটের ‘কোড অব কন্ট্রাক্ট’ অনুযায়ী দলীয় অ - খেলোয়াড়সুলভ আচরণের জন্য দলের অধিনায়ককেই দায়ী করা হয়ে থাকে। সেই বিচারে শুধুমাত্র ইনজিকেই আইসিসি ডিসিপ্লিনারি বোর্ডের সামনে হাজির হতে হচ্ছে।

ইনজি অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে হেয়ারের এই মারাত্মক সিদ্ধান্তকে পাকিস্তান জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের ‘নীল নকশা’ বলে উল্লেখ করেছেন।

ইনজি বলেছেন, ‘এতদিন ধরে দেখে এসেছি মাঠের মধ্যে কোনো রকম সমস্যা তৈরি হলে আম্পায়াররা অধিনায়ককে ডেকে বিষয়টি বুঝিয়ে বলেন যাতে করে অধিনায়ক বিষযটি বুঝে পদক্ষেপ নিতে পারেন। আমি বল টেম্পারিংয়ের বিষয়টি প্রথম বুঝতে পারি যখন ড্যারেল হেয়ার বলটি পরিবর্তনের কথা বললেন। কিন্ত হেয়ার একবারও ওমর গুলকে বল টেম্পারিংয়ের বিষয়ে কিছু বলেননি বা সাবধান করে দেননি। এরপর কোনো রকম প্রমাণ ছাড়াই তিনি বলটি পরিবর্তন করেন।

ইনজি অভিযোগ করেন, ড্যারেলের কাছে তিনি বলটি দেখতে চাইলেও ড্যারেল প্রথমে তাকে বলটি দেখতে দিতেই রাজী হননি। এসময় ইনজি বলটি দেখার জন্য ম্যাচ রেফারির সাহায্য নেবেন বলে হেয়ারকে জানিয়ে দেন। ফলশ্র“তিতে ড্যারেল হেয়ার ইনজিকে বলটি দেখাতে বাধ্য হন। বলটি দেখে ইনজামামের মনে হয়েছে বলটিতে কোনো প্রকার টেম্পারিং করা হয়নি। কেননা বলটি দিয়ে মাত্র ৫৬ ওভার খেলা হয়েছে এবং বলটি রীতিমতো ভালো অবস্থায়ই ছিল। 

ইনজামাম আরো বলেন, ‘খেলার যে অবস্থায় এই সমস্যাটি তৈরি হয়েছে তখন খেলায় পাকিস্তানের জেতার সম্ভাবনা ছিল ৭০ শতাংশ। কিস্তু এরপরেও আমি প্রতিবাদ স্বরূপ না খেলার সিদ্ধান্ত নিয়েছি কেননা এটা হার - জিতের কোনো বিষয় নয়, এটা আমার পুরো জাতির সম্মানের প্রশ্ন। জাতির গৌরব ও সম্মানকে জলাঞ্জলি দিয়ে কোনো খেলায় জেতার বিষয়ে আমি কখনো ভাবিনি। আমার কাছে একটি টেস্ট জেতার চেয়ে পাকিস্তানের সম্মান রক্ষা করাটাই মূখ্য।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে প্রস্তুত বলে জানালেও হেয়ারকে ম্যাচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবী জানিয়েছে। তবে পাকিস্তানের কোচ বব উলমার একদিনের ক্রিকেটকে ঘিরে যে সম্ভাবনার কথা তৈরি হয়েছে তার ভিত অনেকখানি নাড়িয়ে দিয়েছেন। শুক্রবারে ইনজির শুনানির পরই একদিনের ক্রিকেটের ভাগ্য ঠিক হতে পারে বলে তিনি জানান। এই শুনানিতে ইনজিকে দোষী সাব্যস্ত করে তার ওপর কোনো প্রকার নিষেধাজ্ঞা জারি করা হলে পাকিস্তানের সিদ্ধান্ত পাল্টে যেতে পারে বলে উলমার মন্তব্য করেন।

সবচেয়ে মজার বিষয় হলো অস্ট্রেলিয়ার কয়েকজন সাবেক ক্রিকেটার এবং সংবাদমাধ্যমগুলো তাদের স্বদেশী হেয়ারের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ হেয়ারকে সমর্থন জানিয়ে বলেন, ‘একজন আম্পায়ার হিসেবে হেয়ার যা বিশ্বাস করেন তার সিদ্ধান্তে তারই প্রতিফলন ঘটে থাকে। একজন ভালো আম্পায়ারের কাছ থেকে এর চেয়ে বেশী কিছু আশা করা ঠিক নয়’। 

সিডনীর দৈনিক টেলিগ্রাফ ড্যারেল হেয়ারকে ‘ক্রিকেট দুনিয়ার সবচেয়ে সাহসী মানুষ’ হিসেবে উল্লেখ করেছে। দৈনিক মর্নিং হেরাল্ড হেয়ারকে ‘বিশ্বের সেরা আম্পায়ার’ হিসেবে উল্লেখ করে লিখেছে ‘হেয়ার একজন কঠোর নীতিবান আম্পায়ার। ক্রিকেটের আইনকানুনের প্রতি তার অবিচল আস্থা থেকেই তিনি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ও সঠিক সিদ্ধান্তটি নিতে পেরেছেন।  

হেয়ারের সমর্থনে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের সাবেক আম্পায়ার লো রোয়ান আরো আক্রমণাত্মক কথা বলেছেন। তিনি খেলার মাঠে ইনজামামের অশোভন আচরণ এবং ক্রিকেটের ‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গের জন্য  ইনজিকে  পুরো এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কারের দাবী জানান।