ক্রিকেট অঙ্গনে নিত্যনতুন বিতর্কের জন্ম দিয়ে চলেছেন আম্পায়ার ড্যারিল হেয়ার
ওভালে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার খেলাটিতে পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলে এবং ইংল্যান্ডকে জিতিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট আম্পায়ার ড্যারেল হেয়ার নতুন করে বিতর্কের নায়কে পরিণত হলেন।
এর আগে বেশ কয়েকবারই উদ্ভট ও বিতর্কিত কিছু সিদ্ধান্তের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন হেয়ার।
তার এসব বিতর্কিত সিদ্ধান্তগুলোকে একনজরে দেখে নেওয়া যাক।
প্রথম টেস্টে আম্পায়ারিং করার এক বছর পর ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ভুল একটি সিদ্ধান্ত দিয়ে জিতিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। এডিলেডের এই টেস্টে অস্ট্রেলিয়ার শেষ উইকেট ক্রেইগ ম্যাকডারমটকে হেয়ার কট বিহাইন্ড আউট দিলেও টিভি ফুটেজে বল ব্যাটে লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই সিদ্ধান্তের ফলে ওয়েস্ট ইন্ডিজ টেস্টটিতে মাত্র এক রানে জয়লাভ করে।
১৯৯৫ সালে শ্রীলংকার অস্ট্রেলিয়া সফরের সময় মেলবোর্ন ক্রিকেট মাঠে হেয়ার ছুঁড়ে বল করার অভিযোগে লংকান স্পিনার মুরলিধরনের সাতটি বলে ‘নো’ ডাকেন। এই ঘটনার প্রতিবাদে লংকান অধিনায়ক অর্জুরা রানাতুঙ্গা খেলা অসমাপ্ত রেখেই পুরো দলকে নিয়ে মাঠ ত্যাগ করেন। পরে মাঠে খেলতে নামলেও হেয়ারের বিপরীত পাশ থেকে মুরলিকে দিয়ে বল করান সাবেক লঙ্কাধিপতি।
হেয়ার ১৯৯৮ সালে প্রকাশিত তার আত্মজীবনীতে মুরলিধরনের বোলিং এ্যাকশনকে ‘বীভৎস’ বলে উল্লেখ করেন। এর ফলে লংকান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ব্যবস্থা নেবার আহবান জানালে হেয়ারকে ৯৮ এর ত্রিদেশীয় সিরিজের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
পাকিস্তানের ফয়সালাবাদে ২০০৫ সালে অনুষ্ঠিত টেস্টে ইংল্যান্ডে বিরুদ্ধে পাক অধিনায়ক ইনজামামকে একটি বিতর্কিত রান আউট দিয়েছিলেন হেয়ার। ক্রিজে দাঁড়িয়ে থাকা ইনজামাম বৃটিশ বোলার হার্মিসনের থ্রো থেকে নিজেকে রক্ষা করতে শূণ্যে লাফ দিলে বল উইকেটে আঘাত করে। পরবর্তীতে টিভি আম্পায়ারের সহায়তায় ইনজিকে আউট দেন হেয়ার।
