হেয়ার ও বিলির ভুলগুলো তুলে ধরলেন সাবেক টেস্ট আম্পায়ার ডিকি বার্ড
টেস্ট ক্রিকেটের সাবেক আম্পায়ার ডিকি বার্ড সোমবার এক সাক্ষাৎকারে ওভালে অনুষ্ঠিত ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার বিতর্কিত শেষ ও চতুর্থ টেস্টের আম্পায়ারদ্বয়ের নাম না উল্লেখ করেই তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার দিকগুলো তুলে ধরেছেন।
সেই সাথে ডিকি বার্ড জানান, এই টেস্টটির আম্পায়ারের দায়িত্ব তিনি পালন করলে তা সুসম্পন্ন করতে সম্ভাব্য সব ধরনের পন্থাই অবলম্বন করতেন।
আম্পায়ার ড্যারেল হেয়ার এবং বিলি ওভাল ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড - পাকিস্তান শেষ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে বল - টেম্পারিংয়ের অভিযোগ এনে পাকিস্তানের প্রতি জরিমানা স্বরূপ ইংল্যান্ডকে পাঁচ রান দিলে সফরকারীরা চা - বিরতির পর খেলতে অস্বীকৃতি জানায়। ফলে ক্রিকেটের বাইলজ অনুযায়ী ঐ ম্যাচে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারী মাইক প্রোক্টর। টেষ্ট ক্রিকেটের ইতিহাসে এ ধরনের শাস্তির বিধান থাকলেও এই প্রথমবারের মতো কোনো দলের বিরুদ্ধে এই শাস্তি কার্যকর করা হলো।
বার্ড বলেন, ‘আমি মনে করি আম্পায়াদের প্রথম ব্যর্থতা হলো যে তারা খেলাটিতে শেষ করতে পারেননি যেটা করা অত্যন্ত জরুরী ছিল। পাকিস্তানকে বল টেম্পারিংয়ের জন্য অভিযুক্ত করায় দলের সবাই খুব মর্মাহত হয়েছে। তবে এর ফলে সবচেয়ে বেশী কষ্ট পেয়েছে পাকিস্তানের দর্শক ও সমর্থকরা। হেয়ারের জায়গায় আমি আম্পায়ার হলে দর্শকদের খাতিরেই খেলাটা শেষপর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, কেননা তারা এই খেলা উপভোগ করার জন্য অর্থ খরচ করে মাঠে এসেছে। খেলা শেষে এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেত’।
আম্পায়ার হেয়ার ও বিলি সম্পর্কে বার্ড বলেন, এই দুইজন শুধুমাত্র খেলার আইনকানুনের ওপপর ভর করেই কঠিন এই সিদ্ধাস্তটি নিয়ে ফেলেছেন। কিন্তু ক্রিকেটের এই আধুনিক যুগে বাউন্ডারির চারপাশের যে কোনো বিজ্ঞাপন বোর্ডে বল লেগেও বলের চামড়া উঠে যেতে পারে। হেয়ারের সে বিষয়টি বিবেচনা করা উচিত ছিল’।
বল টেম্পারিংয়ের অভিযোগ তুলে পাকিস্তানকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটিকে খুবই কঠিন একটি সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বার্ড। ‘শতভাগ নিশ্চিত না হয়ে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে তো দূরে থাক, গ্রামের সাধারণ ক্রিকেট খেলায়ও দেওয়া উচিত নয়’ বললেন ডিকি বার্ড।
