কেনিয়াকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ
কেনিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কেনিয়াকে ৬ উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশ করে দিয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে এই প্রথম সিরিজ জয়ের সাথে সাথে কোনো দেশকে হোয়াইট ওয়াশ করার ঘটনাও প্রথম।
টসে জিতে মাশরাফি, রাসেলের হাতে বল তুলে দিয়ে স্বাগতিকদের ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক খালেদ মাসুদ। তার সিদ্ধান্ত যে একবারেই নির্ভুল ছিল, কেনিয়ার ইনিংসের উপর মাশরাফি ও রাসেলের লঙ্কাকান্ডই তার প্রমাণ। মাশরাফির দূর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় কেনিয়ার ইনিংস। মাশরাফি তার নির্ধারিত ১০ ওভারে মাত্র ২৬ রানের বিনিময়ে ক্যারিয়ারের সেরা ৬ টি উইকেট তুলে নিয়ে কেনিয়ার টপ ও মিডল অর্ডার তছনছ করে দেন। সতীর্থ রাসেল ৮ দশমিক ২ বলে ১৮ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।
কেনিয়ার পক্ষে টমাস ওদোয়ো সর্বোচ্চ ২৯ রান করেন। এ ছাড়া এমএল প্যাটেল ১৫ রান, ওউমা ১৪ রান, স্টিভ টিকোলো ১৪ রান এবং অনগন্ডো ১৪ রান করেন।
কেনিয়ার এই স্বল্প রানের জবাবে বাংলাদেশের আজকের দ্ইু ওপেনার শাহরিয়ার নাফিস এবং মোহাম্মদ আশরাফুল প্রথম থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে শুরু করেন। খেলার সপ্তম ওভারে দলীয় ৩৮ এবং ব্যক্তিগত ১৮ রানে শাহরিয়ার নাফিস ওদোয়ো’র বলে ওটিয়েনো’র তালুবন্দী হন। পরের ৩ ওভারে অপর ওপেনার মোহাম্মদ আশরাফুল ব্যক্তিগত ১৫ রানে এবং আফতাব আহমেদ ৫ রানে আউট হয়ে গেলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৪৫ রান। হাবিবুল বাশারের পরিবর্তে কেনিয়ায় ডাক পাওয়া তুষার ইমরান মাত্র ২ রানে রান আউট হয়ে গেলে চাপের মুখে পড়ে বাংলাদেশ। কিন্তু জাতীয় দলে নবাগত দুই তরুণ ক্রিকেটার সাকিবুল হাসান এবং ফরহাদ রেজা’র ব্যাটিং দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়েই ২৭ ওভারে প্রয়োজনীয় ১২০ রান তুলে নেয় বাংলাদেশ। ফরহাদ রেজা সাতটি চার ও একটি ছয়ের মারসহ ৪৮ বলে ৪২ রানের একটি হার না মানা ইনিংস খেলেন। সতীর্থ সাকিবুল হাসান ২৫ রানে অপরাজিত থাকেন। কেনিয়ার পক্ষে অনগন্ডো ২ টি এবং অলরাউন্ডার টমাস ওদোয়ো ১ টি উইকেট লাভ করেন।
এই ম্যাচে জয়লাভের সাথে সাথে বাংলাদেশ এই প্রথমবারের মতো বিদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলুড়ে কোনো দেশকে হোয়াইট ওয়াশ করলো। এর আগের ম্যাচে মাশরাফির অনবদ্য বোলিং ও ব্যাটিং নৈপূণ্যে স্বাগতিকদের ২ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচেও সেরা ক্রিকেটার বিবেচিত হয়ে সিরিজের টানা তিন ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হবার বিরল গৌরব অর্জন করলেন মাশরাফি বিন মূর্তজা। নিঃসন্দেহে মাশরাফিই ম্যান অব দ্যা সিরিজের পুরস্কারটি লাভ করেছেন। সেই সাথে আরেকটি প্রাপ্তি রয়েছে মূর্তজার। আফতাব আহমেদ এবং মোহাম্মদ রফিকের পর তিনিই একদিনের ম্যাচে পাঁচ বা পাঁচের অধিক উইকেট লাভ করলেন। আফতাব ঢাকার মাঠে ২০০৪ সালে সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩১ রানের বিনিময়ে পাঁচটি উইকেট লাভ করেছিলেন। আর স্পিনার মোহাম্মদ রফিক এবছর ঢাকায় ৪৭ রানে পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন কেনিয়ার বিরুদ্ধে।
এই ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশের সেরা অলরাউন্ডার মোহাম্মদ রফিক তার শততম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। হাবিবুল বাশারের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে রফিক দেশের পক্ষে তার শততম খেলায় অংশ নিলেন।
