বোমা বিস্ফোরণের কারণে ত্রিদেশীয় সিরিজ স্থগিত করা হবে না: শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সোমবার ঘটে যাওয়া ভয়াবহ বোমা বিস্ফোরণের কারণে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ স্থগিত করা হবে না বলে জানান শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা।
তবে ত্রিদেশীয় সিরিজে অংশ গ্রহণকারী দক্ষিণ আফ্রিকা দল নিরাপত্তার কারণে দেশে ফিরে যেতে চাচ্ছে। আন্তজার্তিক ক্রিকেট কাউন্সিল আইসিসি’র কাছ থেকে দেশে ফিরে যাওয়ার অনুমতি পেলেই প্রেটিয়ারা বাড়ি ফিরে যাবে।
লঙ্কান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সামান্থা আলগামা বলেন, “সফরসূচী অনুযায়ী ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে।”
আলগামা আরো জানান, খেলোয়াড়রা যে হোটেলে অবস্থান করছিলেন তার চার কিলোমিটার দূরে একটি অটো--রিক্সায় রাখা বোমা বিস্ফোরণ ঘটার পর লঙ্কান ক্রিকেট বোর্ডের সিই দুলিপ মেন্ডিস জরুরিভাবে ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণকারী তিনটি দলের কোচ ও ম্যানেজারের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন।
চারজন সেনাবাহিনীর কমান্ডোসহ মোট সাতজন মানুষ এই বোমা বিস্ফোরনে মারা যায় এবং আহত হয় আরো সাতজন।
আলগামা বলেন, “মেন্ডিসের সাথে আলোচনার পর তিনটি দলই সিরিজ চালিয়ে যাওয়ার বিষয়ে রাজি হয়। প্রতিটি দলকে আলাদা আলাদাভাবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্র“তি দেন মেন্ডিস। সকলেই নিরাপত্তা বিষয়ে উদ্বিগ্ন। পক্ষান্তরে বৃষ্টিও ত্রিদেশীয় সিরিজের জন্য বাধা হয়ে দাড়িয়েছে। ইতোমধ্যেই বৃষ্টির কারণে ত্রিদেশীয় আন্তর্জাতিক সিরিজের উদ্বোধনী ম্যাচটি পন্ড হয়ে গেছে।”
সংবাদ সম্মেলনে ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার রাজন নায়ের জানান, খেলোয়াড়রা দুপুরের খাবার পর্ব শেষ করার পর বোমার শব্দ শুনতে পায়। তবে তাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়নি।
প্রোটিয়াদের কোচ মিতি আর্থার জানান, হোটেলের খুব কাছে বোমাটি বিস্ফোরিত হয়। লঙ্কান ক্রিকেট বোর্ড কর্মকর্তারা দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন। তবে এই ধরনের ঘটনা খেলোয়াড়দের চিন্তায় ফেলে দিয়েছে।
দক্ষিণ আফ্রিকা দলের মিডিয়া কর্মকর্তা গর্ডন টেমপেলটন বলেন, “দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং মঙ্গলবার সকালে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে।”
বৃষ্টির কারণে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচটি পন্ড হয়ে যাওয়ার পর বোমা বিস্ফোরণের ঘটনাটি সবাই জানতে পারে।
ক্রিকেট সিরিজ ছাড়াও এই মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান গেমস যাতে আটটি দেশের প্রায় ১০০০ ক্রীড়াবিদ অংশ নেবেন। টুর্নামেন্টের অন্যতম ইভেন্ট ফুটবল প্রতিযোগীতা শুক্রবার থেকে শুরু হবে।
