২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কানদের নিয়ে চিন্তিত ভারতীয় অধিনায়ক

স্বাগতিক শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠেয় ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 12:00 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ১৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজটি অনুষ্ঠিত হবে।

রাহুল বলেন, “বর্তমানে শ্রীলঙ্কা বেশ ভাল ক্রিকেট খেলছে এবং নিজেদের মাটিতে লঙ্কানরা সব সময় ভাল খেলে থাকে।”

তিনি আরো বলেন, “ত্রিদেশীয় সিরিজের অপর দল দক্ষিণ আফ্রিকার কথা ভুলে গেলে চলবে না। ৪০০ রানের বেশি স্কোর তাড়া করা যে কোন দলের জন্য শ্বাসরুদ্ধকর বিষয়।”

চলতি বছরের এপ্রিল মাসে জোহান্সবার্গে অস্ট্রেলিয়ার ৪৩৪/৪ রানের বিশাল স্কোর তাড়া করে এক উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

সম্প্রতি শ্রীলঙ্কার কাছে ২ - ০ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত হয় প্রোটিয়ারা।

তবে গত বছর ভারত সফরে ৬ - ১ ব্যবধানে একদিনের সিরিজ পরাজয়ের প্রতিশোধ নিতে লঙ্কানরা বদ্ধ পরিকর বলে মনে করেন দ্রাবিড়।

তিনি বলেন, “গত বছর আমরা তাদের বিরুদ্ধে দারুণ খেলেছিলাম। তবে তা থেকে আমরা কোন বাড়তি সুবিধা পাবো না। এটা সম্পূর্ণ নতুন সিরিজ। এই সিরিজ জয় করতে হলে আমাদের সেরা খেলাটি দেখাতে হবে। গত কয়েক বছর ধরে শ্রীলঙ্কা নিজেদের মাটিতে ভুব ভাল খেলছে। আমারাও বিদেশের মাটিতে ভাল খেলছি। নিজেদের মাটিতে ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে বলে লঙ্কানদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।”

তিনি আরো বলেন, “ইংল্যান্ড সফরের পর থেকে ফর্ম ফিরে পেয়েছে লঙ্কানরা। তাদের অভিজ্ঞ ব্যাটসম্যান এবং মুরালির মত বিশ্ব সেরা স্পিনবোলার রয়েছে। টেস্ট কিংবা একদিনের আন্তর্জাতিক ম্যাচ যে কোন ক্ষেত্রেই মুরালি সব সময় সেরা বোলার। আমরা তার বিরুদ্ধে রান করতে চাই। তার বিরুদ্ধে আমরা আগেও রান পেয়েছে। তাই বলা যায়, এই সিরিজটিতে ব্যাট ও বলের লড়াই জমে উঠবে।”

বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য মাঠে নামবে ভারত।