২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার অনুশীলন শিবিরের সমালোচনায় ওয়ার্ন

গত অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের কাছে পরাজয়ের শোধ তোলার জন্য এবার আগেভাগেই অসি খেলোয়াড়দের অনুশীলনের আয়োজন করেছেন অস্ট্রেলীয় কোচ জন বুকানান। তবে অ্যাশজ টেস্ট সিরিজ শুরু হওয়ার তিন মাস আগে থেকে অনুশীলন শিবির আয়োজনের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন লেগস্পিনার শেন ওয়ার্ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 10:59 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

অস্ট্রেলিয়ায় আসন্ন শীতমৌসুমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ঐতিহাসিক ‘অ্যাশেজ টেস্ট সিরিজ’এ পরস্পরের মুখোমুখি হবে।

এই মাসে অনুষ্ঠেয় তিন দিনের এই অনুশীলন শিবিরে যোগদানের জন্য অস্ট্রেলিয়ার সকল খেলোয়াড়কে ইতোমধ্যেই খবর পাঠিয়েছেন বুকানান।

তবে এতে সমস্যায় পরেছেন শেন ওয়ার্ন। ওয়ার্নের নেতৃত্বে ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ার শিরোপা জয়ের জন্য লড়াই করছে। এ সময় দলকে ছেড়ে আসা ওয়র্নের জন্য কিছুটা সমস্যাই বটে।

ওয়ার্ন বলেন, “২৩ নভেম্বর অ্যাশেজ টেস্ট সিরিজ শুরু হবে। এখনও সিরিজ শুরু হওয়ার তিন মাস বাকি। তাই অনুশীলনের শিবির আয়োজনের বিষয়টি খুব তাড়াতাড়িউ হচ্ছে। তবে জন অনুশীলনের বিষয়টি দ্রুত শুরু করতে চায়।”

তিনি আরও বলেন, “আমি মনেকরি এই অনুশীলন শিবির আয়োজনের বিষয়টি জন বুকানানের নিজস্ব চমৎকার পরিকল্পনা। আমরা সকলেই এই অনুশীলন শিবিরে যোগ দিবো।”

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার শেন ওয়ার্ন। টেস্ট দলে খেললেও ওয়ার্ন একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে আগেই অবসর নিয়েছেন। তাই মালয়শিয়া ও সিঙ্গাপুরে অনুষ্ঠেয় একদিনের আন্তর্জাতিক সিরিজে অস্ট্রেলিয়া দলে দেখা যাবে না এই লেগস্পিনারকে। তাছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলছেন না তিনি।