অ্যাশেজ সিরিজে খেলার জন্য প্রস্তুত ভন
আসন্ন ঐতিহাসিক ‘অ্যাশেজ টেস্ট সিরিজে’ দলে ফিরবেন ইংল্যান্ড ক্রিকেট দলের আহত দলনায়ক মাইকেল ভন।
গত বছরের ডিসেম্বর মাসে মাইকেল ভন হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর থেকে ইংল্যান্ড দলে নেই।
ভন ইংল্যান্ড দলে অধিনায়ক হিসাবে ফিরতে পারবেন কি না সেই প্রসঙ্গে বলেন, “আসন্ন অ্যাশেজ টেস্ট সিরিজে দলকে যেই নেতৃত্ব দিক না কেন আমি তার অধীনে দলে ফেরার বিষয়ে আশাবাদী। অ্যাশেজ ট্রফি জিতে নিজেদের কাছে রাখার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।”
তিনি আরো বলেন, “বেশ কিছু দিন মাঠের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে যে কোন খেলোয়াড়ের নিজেকে মানিয়ে নিতে সময় লাগে। এই বিষয়টি নিয়েই আমি কিছুটা চিন্তিত। তবে কঠোর পরিশ্রম এবং ভাগ্য কিছুটা সহায়তা করলে দলে ফিরে রান পেতে সমস্যা হয় না। ইংল্যান্ড দলের খেলোয়াড়রা গত গ্রীষ্মের মত আবারও অ্যাশেজ সিরিজ জয় করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে।”
মাইকেল ভনের নেতৃত্বে ১৮ বছর পর ইংল্যান্ড গত গ্রীষ্ম মৌসুমে অস্ট্রেলিয়াকে পরাজিত করে অ্যাশেজ ট্রফি ঘরে তোলে।
ভন বলেন, “আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে সংকল্পবদ্ধ। দলে ফেরার জন্য আমি প্রতি দিন কয়েক ঘন্টা করে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি।”
