তুষার ইমরান কেনিয়া যাচ্ছেন, বাশার ফিরলেন দেশে
কেনিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ সিরিজে অংশগ্রহণের জন্য ব্যাটসম্যান তুষার ইমরানকে পুনরায় ডেকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ে সফরে আহত অধিনায়ক হাবিবুল বাশার সুমনের পরিবর্তে তুষার ইমরান কেনিয়ার বিরুদ্ধে খেলবেন। বাংলাদেশ দলের সাথে কেনিয়ায় যোগ দেবার জন্য তুষার শিগগিরই ঢাকা ত্যাগ করছেন।
জিম্বাবুয়ের কাছে ৩--২ এ সিরিজ হেরে বাংলাদেশ তার কেনিয়া সফর শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ কেনিয়ার বিরুদ্ধে ১২ আগস্ট প্রথম ওয়ান ডে খেলবে। ১৩ এবং ১৫ আগস্ট বাকী দুটি ওয়ান ডে খেলা অনুষ্ঠিত হবে।
এদিকে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারার পর অধিনায়ক হাবিবুল বাশার রোববার দেশে ফিরেছেন।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় স্লিপে জিম্বাবুয়ের ব্যাটসম্যান সিবান্ধা’র ক্যাচ ধরতে গিয়ে বুড়ো আঙ্গুলে আঘাত পান বাশার। পরে এক্সরে রিপোর্টে তার আঙ্গুলে ফাটল ধরা পড়ে। চিকিৎসক তাকে চার সপ্তাহের বিশ্রাম নিতে বলায় সফরের সবগুলো খেলা থেকেই বঞ্চিত হন বাশার।
